

মমিনুল ইসলাম, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ, চাঁদা বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। রবিবার সকালে ময়মনসিংহের ত্রিশালের ইভা ফিলিং স্টেশন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন শতাধিক সিএনজি চালক। প্রায় এক ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে থমকে যায় ব্যস্ততম মহাসড়কের যান চলাচল, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী থেকে শুরু করে স্থানীয় পথচারীরাও।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ‘জিপি’ নামে প্রতিদিন ২০ টাকা করে চাঁদা নেওয়া হলেও হঠাৎ করেই তা বাড়িয়ে ১ শত টাকা করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গাড়ি চালাতে বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি তাদের।
আন্দোলনরত একাধিক চালক ক্ষোভের সঙ্গে বলেন, আমরা দিনমজুরের মতো আয় করি। সারাদিন পরিশ্রম করে যা পাই, তা দিয়েই পরিবার চালাই। সেখানে প্রতিদিন ১শ টাকা চাঁদা দিলে সংসার চলবে কীভাবে? এই অবৈধ চাঁদাবাজি বন্ধ না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।
চালকদের অবস্থান কর্মসূচির কারণে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বলেন, আমরা সড়কে কোন চাঁদা উঠাতে দিবোনা। যে তুলবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ সড়কে কোন চাঁদা তুলা যাবেনা।
পুলিশের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেন চালকরা। বেলা ১১টার দিকে স্বাভাবিক হয় মহাসড়কের যান চলাচল। অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আন্দোলনকারী চালকরা।

