

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় উপজেলা ওলামা ও ইমাম পরিষদ-এর উদ্যোগে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি রেখে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মিছিলটি কালিয়া উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে কালিয়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা তাবলিগী মার্কাজ মসজিদের সামনে এসে শেষ হয়।
মিছিলে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা ওলামা ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান।
এ সময় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ। তারা ব্যবসায়ীদের নৈতিকতা বজায় রেখে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান।
মিছিলে উপজেলা উলামা ও ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি নুরে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হুসাইন আহমাদ, অর্থ সম্পাদক মুফতি আবুজার গিফারী, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল হাসান, দপ্তর সম্পাদক মুফতি ওহিদুজ্জামান সর্দারসহ বিভিন্ন মসজিদের ইমাম ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
পাশাপাশি দিনের বেলায় খাবারের দোকান বন্ধ রাখা, ধূমপান পরিহার করা এবং রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা পালনের অনুরোধ জানান। মিছিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

