

সাইমুন ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়াস্থ আমলাপাড়া এলাকায় অবস্থিত ‘পরী বিউটি পার্লার’ এর টয়লেট থেকে ৯ দিন নিখোঁজ থাকার পর নারী উদ্যোক্তা কামরুন নাহার ইতি’র অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ২৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন নারী উদ্যোক্তা কামরুন নাহার ইতি, একই সাথে ওই পার্লারের মালিকও ছিলেন তিনি। তার ভাই মো. আলিফ ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইতির স্বামী আনোয়ার হোসেন একজন মাদকাসক্ত এবং প্রায়ই মাদকের টাকার জন্য স্ত্রীকে উপর্যপরি নির্যাতন করতেন। নিখোঁজ হওয়ার পরও আনোয়ার অসংবেদনশীল ছিলেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে টয়লেট থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, প্রাথমিকভাবে মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ঘটনাটি স্বাভাবিক মৃত্যু নয় বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্ত ও ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ এঘটনায় নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

