

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: পূর্ব সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাকড়া ধরে নিয়ে যাওয়ার পথে বনরক্ষীদের হাতে আটক হয়েছে চারজন। জব্দ করা হয়েছে ৮০ কেজি কাকড়াসহ একটি ট্রলার ও নৌকা। আটককৃতদের শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে সুন্দরবন সংলগ্ন ছুলিয়ার খালের মুখে একটি ট্রলার ও একটি ডিঙ্গি নৌকা আটক করেন। ট্রলার ও নৌকায় তল্লাশী করে বিশেষ কায়দায় ঝুড়িয়ে লুকিয়ে রাখা ৮০ কেজি কাকড়া জব্দ করেন বনরক্ষীরা। এ সময় ট্রলারে থাকা চারজনকে ট্রলার ও নৌকাসহ আটক করে জ্ঞানপাড়া টহল ফাঁড়িতে নিয়ে যান। আটক ব্যক্তিরা হচ্ছেন, রফিক মোল্লা (৪৮), রউফ মোল্লা (৪৫), আলামিন শেখ (৩১) ও আছাদুল শেখ (৩০)। এদের বাড়ী দাকোপের পানখালী ও মোরেলগঞ্জের ছোলমবাড়ীয়ায়।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আসাদুজ্জামান বলেন, কাকড়া ও ট্রলারসহ আটক ব্যক্তিরা সুন্দরবনে অবৈধভাবে কাকড়া ধরে নিয়ে যাচ্ছিলো। বর্তমানে সুন্দরবনে দুই মাসের কাকড়া ধরায় নিষেধাজ্ঞা জারী রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।

