

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস শেখ (২৫) হত্যা মামলার আসামিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ডিএমপি’র উত্তরা আব্দুল্লাহপুর এলাকা হতে হত্যার সাথে জড়িত বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের মৃত নাছির উদ্দিন কাজীর পুত্র হানিফ কাজী (৫৫) কে আটক করেন। পরে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে দোলন বাজারে তার দোকান থেকে হত্যার কাজে ব্যবহৃত সুইচগিয়ার চাকুটি উদ্ধার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ মাসুদ রানা শামীম জানান, ৩১ জানুয়ারি রাতে ছৈলাদি গ্রামের শরীফ শেখের পুত্র ইলিয়াস শেখ নিখোঁজ হলে ১ ফেব্রুয়ারি দুপুরে দক্ষিণবাগ গ্রামের কুড়িলটেক ব্রীজের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ বিষয়ে নিহতের ভাই সুজন শেখ বাদী হয়ে থানায় ৩(২)২৬ নং হত্যা মামলা দায়ের করেন। পরে আমরা তদন্ত করে ঘটনার সাথে জড়িত হানিফ কাজীকে আটক করি। তবে মামলার অধিকতর তদন্তের স্বার্থে ইলিয়াসকে হত্যার কারণ জানাতে তদন্ত কর্মকর্তা অস্বীকার করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধারের পর মামলা দায়ের হলে আমরা প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কাজ শুরু করি। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসামিকে উত্তরা আব্দুল্লাহপুর এলাকা হতে আটক এবং হত্যা কাজে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করি। বুধবার দুপুরে আসামিকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

