

বাগেরহাট প্রতিনিধি: প্রথমবারের মতো উপকূলীয় জেলা বাগেরহাটে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে জেলা জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। এই ঐতিহাসিক সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন জামায়াতের নেতাকর্মীরা।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে সাংবাদিকদের সাথে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিম।
তিনি বলেন, আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। স্টেজ নির্মাণ, মাঠ প্রস্তুত, প্রচারণা ও মাইকিংসহ সার্বিক কাজ শেষের পথে। আমরা ধারণা করছি, এটি বাগেরহাটের ইতিহাসে একটি স্মরণীয় ও ঐতিহাসিক জনসভা হবে। এতে লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি থাকবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, এই প্রথম বাগেরহাটে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হচ্ছে। পুরো জেলায় একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জনসভাটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা সফলভাবে এই জনসভা সম্পন্ন করতে পারব।
জেলা জামায়াতের আমির মাওলানা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শেখ মো. ইউনুস, জামায়াত নেতা ইকবাল হোসাইন, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ প্রমুখ। এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে জনসভাস্থল পরিদর্শন শেষে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, আমরা সমাবেশস্থল পরিদর্শন করেছি। জনসভাকে ঘিরে পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
