

মাহমুদুল হাসান, সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কলেজছাত্র রিপন হোসেন (২০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঢাকা–আরিচা মহাসড়কের জাগীর সেতুতে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তাঁর মৃত্যু ঘটে। রোববার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের পাড়াগ্রাম এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে। তিনি দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে রিপন হোসেন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ হোটেলের সামনে থেকে একটি প্রাইভেটকারে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে জাগীর সেতু এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আরিচাগামী অপর একটি প্রাইভেটকারের সঙ্গে তার বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় ঢাকা থেকে আরিচাগামী অপর প্রাইভেটকারটির চালক শাহীন গুরুতর আহত হন। তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চালক শাহীন সাভার উপজেলার হেমায়েতপুর এলাকার জয়নাবাড়ীর বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক দেওয়ান কউসিক আহম্মেদ বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
