ঢাকা
logo
প্রকাশিত : December 10, 2025

যশোরে ভ্যাট দিবস উদযাপন ও ভ্যাট সপ্তাহ শুরু

শহিদ জয়, যশোর: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরে আজ বুধবার ভ্যাট দিবস পালিত হয়েছে ও আগামী পাঁচ দিনব্যাপী ভ্যাট সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব”।

বুধবার সকাল ১০টায় যশোর কমিশনারেট প্রাঙ্গণে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল, যশোরের কমিশনার মোঃ মাসুদ রানা, কাস্টমস হাউস, বেনাপোলের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

স্বাগত বক্তব্য রাখেন কাস্টমস হাউস বেনাপোলের অতিরিক্ত কমিশনার মোঃ মুশফিকুর রহমান। উপস্থাপন করেন যুগ্ম–কমিশনার মোহাম্মদ মারুফুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের কমিশনার শেখ আবু ফয়সল মোঃ মুরাদ। এছাড়া বিভিন্ন স্তরের ব্যবসায়ী সদস্যরা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ভ্যাট ব্যবস্থায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ২০১৩ সাল থেকে নিয়মিতভাবে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করে আসছে। তিনি জানান, অনিবন্ধিত প্রতিষ্ঠান, পূর্ণাঙ্গ অটোমেশনের ঘাটতি, রেয়াত-শৃঙ্খলার অসংগতি, অতিরিক্ত অব্যাহতি, ম্যানুয়াল অডিট এবং ই–কমার্স প্ল্যাটফর্ম থেকে ভ্যাট সংগ্রহের সীমাবদ্ধতার পরও যশোর কমিশনারেট গত বছরের মতো এবারও রাজস্ব আদায়ে সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জন করেছে।

তিনি আরও বলেন, অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন, ই–রিটার্ন, ই–রিফান্ড, ই–অডিট, ই–পেমেন্ট, ইএফডি, ভ্যাট স্মার্ট চালানসহ আধুনিক রাজস্ব ব্যবস্থাপনার ডিজিটাল সুবিধাগুলো গ্রহণে ব্যবসায়ী ও স্টেকহোল্ডাররা আরও উৎসাহী হবেন বলে আশা করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ভ্যাটের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জানান, দেশের মোট রাজস্ব আয়ে ভ্যাটের অবদান সর্বাধিক। ভ্যাটের প্রবৃদ্ধি একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির ইতিবাচক সূচক উল্লেখ করে তিনি যথাযথ ভ্যাট প্রদানের মাধ্যমে প্রকৃত অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যেতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথিরাও জাতীয় অর্থনীতিতে ভ্যাটের গুরুত্ব তুলে ধরে সঠিক ভ্যাট আদায়ে সকল পক্ষের সহযোগিতা কামনা করেন।

ভ্যাট সপ্তাহ উপলক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি স্থানীয় ক্যাবল অপারেটরদের মাধ্যমে সচেতনতামূলক টিভিসি সম্প্রচার করছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর। অংশীজনদের সহযোগিতায় চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করে সংস্থাটি।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সহকারী কমিশনার পিয়াল দত্ত।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram