

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, গাছ বিতরণ, এতিমদের মাঝে খাবার বিতরণসহ নানা সেবা কার্যক্রম প্রদান করা হয়েছে।
সদর উপজেলার নারাঙ্গাই এলাকায় ন্যাশনাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির আয়োজনে মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ, সিবিএম গ্লোবাল ডিজ্যাবিলিটি ইনক্লুসন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) ও ল্যাব ২৪ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল কার্যক্রমের সার্বিক সহযোগিতা করে।
সোমবার দিনব্যাপী চিকিৎসাসেবা ক্যাম্পে স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তি ফ্রি চিকিৎসা সেবা নেয়।
ক্যাম্পে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ক্লিনিক্যাল সাইকোলজি পরামর্শ, অকুপেশনাল ও ফিজিওথেরাপি সেবা দেওয়া হয়। সেবা কার্যক্রমে ছয়জন চিকিৎসক, দশজন টেকনিশিয়ান, নার্স এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ও ন্যাশনাল স্কুল ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ও ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী এই মানবিক উদ্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেয়। শিক্ষার্থীরা সেবা নেওয়া মানুষদের সারিবদ্ধভাবে বসার ব্যবস্থা করে দেয়, বয়স্কদের সহায়তা করে এবং পরীক্ষার ফলাফল হাতে তুলে দেয়।
ক্যাম্পের প্রতিবন্ধী শনাক্তকরণ কার্যক্রমে সিআরপির বিশেষজ্ঞরা বিভিন্ন বয়সী মানুষের শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা শনাক্ত করে পরবর্তী চিকিৎসা বা পুনর্বাসনের পরামর্শ দেন। এতে অনেক অভিভাবক তাঁদের সন্তানদের প্রতিবন্ধকতা সম্পর্কে নতুনভাবে সচেতন হতে পারেন।
এছাড়া এতিম শিশুদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়, আর স্থানীয়দের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। এছাড়াও অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন। অন্যান্যের মধ্যে জেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সমন্বয়কারী এড. মাসুদুল হক, লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির সভাপতি কাজী লুৎফর রহমান, সাবেক সভাপতি প্রকৌশলী সামছুর রহমান, সাবেক কেবিনেট সেক্রেটারি ইজাজ আহমেদ, সিআরপির অধ্যক্ষ প্রকৌশলী মাহবুবুল আলম, ল্যাব২৪ এর চেয়ারম্যান ডা. মামুন, ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুরো কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী ড. মুহাম্মদ ফারুক হোসেন।
