

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চত্রা নদী থেকে মিরাপ মোল্যা (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। রোববার (১৯ অক্টোবর) নারুয়া ইউনিয়নের মরাবিলা এলাকার নিজবাড়ির পাশের চত্রা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মিরাপ মোল্যা ওই এলাকার বাসিন্দা এবং ফরিদপুর সিটি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমানের পিতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাপ মোল্যা শুক্রবার রাতে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে রোববার সকালে বাড়ির পাশে চত্রা নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেয়।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “পরিবার জানিয়েছে, মৃত ব্যক্তির মাথায় সমস্যা ছিল। স্থানীয়রা বাড়ির পাশের নদী থেকে মরদেহ উদ্ধার করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
