

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ-ঢাকা এবং ঢাকা-গোপালগঞ্জ সরাসরি রেল যোগাযোগের দাবি গোপালগঞ্জবাসীর দীর্ঘ দিনের। সড়কপথের যানজটের ভোগান্তি আর ঢাকা-খুলনা মহাসড়কের নিত্যদিনের সড়ক দুর্ঘটনাতো রয়েছেই। প্রতিনিয়তই এই সড়কে প্রাণহানি ও আহতের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। বিশেষ করে মহাসড়কটির গোপালগঞ্জ থেকে মুকসুদপুর পর্যন্ত দুর্ঘটনা প্রবণ এলাকায় পরিণত হলেও প্রাণহানি বেড়েই চলছে। যে কারণে রেলপথে যাতায়াত নিরাপদ ও অর্থ-সাশ্রয়ী হওয়ায় গোপালগঞ্জবাসী এই রুটে অন্তত এক জোড়া ট্রেনের দাবিতে সোচ্ছার। তাদের দাবি কবে নাগাদ বাস্তবায়িত হবে সে আশায় প্রহর গুনছে গোপালগঞ্জের জনগণ।
গোপালগঞ্জের সাথে ঢাকার রেল যোগাযোগের সব অবকাঠামোই প্রস্তুত রয়েছে। এখান থেকেই প্রতিদিন রাজশাহীগামী ট্রেন যাওয়া-আশা করছে। গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা হয়ে খুলনা থেকে আরো চারটি ট্রেন ঢাকার পথে চলাচল করে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে আরো একটি ট্রেন রাজবাড়ি পর্যন্ত চলাচল করে। এতো সুবিধা থাকতেও গোপালগঞ্জ জেলার বাকী তিনটি উপজেলা ট্রেন চলাচলের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই পথে রেল যোগাযোগ শুরু করলে তা শুধু গোলগঞ্জের লোকদের জন্যই নয়, নড়াইলের লোহাগড়া ও কালিয়া উপজেলা, বাগেরহাটের মোল্লাহাট ও চিতলমারী উপেজেলা, পিরোজপুরের নাজিরপুর উপজেলা এবং খুলনার তেরখাদা উপজেলার বাসিন্দারাও এর সুবিধা পাবে।
গোপালগঞ্জে রয়েছে একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, চক্ষু ইনস্টিটিউট, টেক্সটাইল কলেজ, ধান গবেষণা, কৃষি গবেষণা, প্রানীসম্পদ গবেষণা ইনস্টিটিউট, সরকারি ওষুধ কোম্পানিসহ নানা সরকারি বড় বড় স্থাপনা। এসব প্রতিষ্ঠানে শিক্ষারত ও অসংখ্য কর্মকর্তা-কর্মচারী প্রতিনিয়তই ঢাকায় যাওয়া আসা করে থাকে। তাদেরকে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে ঝুঁকির মধ্যে যাতায়াত করতে হয়। নিরাপদ যাতায়াতে রেল যোগাযোগের বিকল্প নাই।
গোপালগঞ্জের কাশিয়ানী জংশনের স্টেশন ম্যানেজার অনিক বিশ্বাস জানান, গোপালগঞ্জ-রাজশাহী রেলপথে রেলের লাভ হচ্ছে, গোপালগঞ্জ-ঢাকা রেল চালু করলে তাও লাভজনক হবে এমনটি দাবি করে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন বলে জানালেন।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, গোপালগঞ্জের বিপুল সংখ্যক ঢাকাগামী শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষের যাতায়াত, ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা হ্রাস, গোপালগঞ্জসহ আশপাশের চার জেলার যাত্রীদের সময় ও অর্থ-সাশ্রয় বিবেচনা করে সরাসরি গোপালগঞ্জ-ঢাকা রুটে দুইটি ট্রেন চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়া হয়েছে। যাত্রীদের চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন জেলা প্রশাসক।
তবে, কবে নাগাদ গোপালগঞ্জ জেলাবাসী ট্রেনে করে সরাসরি ঢাকা যেতে পারবে সেই আশায় তারা দিন গুনছেন। কর্তৃপক্ষ লাভজনক এই রুটে অন্ততঃ এক জোড়া ট্রেন চলাচলের অনুমোদন দেবেন এমন প্রত্যাশা জেলাবাসীর।
