ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪৪
logo
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৫

রাণীশংকৈলে সিঁদুর খেলায় আনন্দঘন পরিবেশে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শারদীয় দুর্গাপূজার শেষ দিনে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) পূজামণ্ডপ গুলোতে ছিল ভক্ত-অনুরাগীদের ভিড় ও উৎসবমুখর পরিবেশ। প্রতিটি মণ্ডপে ঢাক-ঢোলের তালে তালে দেবী বিসর্জনের আগে হিন্দু ধর্মাবলম্বীরা পালন করেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। এ সময় নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন, উল্লাসে মেতে ওঠেন তরুণীরা, আর চারপাশ ভরে ওঠে “দুর্গা মা কি জয়” ধ্বনিতে।

প্রতিমা বিসর্জনের আগে সিঁদুর খেলা হিন্দু সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় আচার। পূজা অর্চনা শেষে মায়ের পায়ের কাছে সিঁদুর নিবেদন করে তা সংগ্রহ করেন নারীরা। পরে সিঁদুর মেখে দেন সখী-সঙ্গিনীদের কপালে, গালে ও হাতে। ভক্তদের বিশ্বাস—এই রীতি সৌভাগ্য, স্বামীর মঙ্গল ও পরিবারের শান্তি কামনার প্রতীক।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারাও পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। নিরাপত্তার জন্য মণ্ডপ এলাকায় পুলিশ ও আনসার বাহিনীর টহল ছিল জোরদার।

উপজেলার ৫৫টি পূজামণ্ডপে একইভাবে উদযাপিত হয় সিঁদুর খেলা। দুপুরের পর থেকেই নারী-পুরুষ, ছোট-বড় সবাই অংশ নেন এই উৎসবে। অনেকে মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে স্মৃতিময় করে রাখেন এ মুহূর্তকে।

সন্ধ্যায় দিকে কুলিক নদী ও জলাশয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপী দুর্গোৎসব। ভক্তদের চোখে ছিল আনন্দের ঝিলিকের পাশাপাশি মায়ের বিদায়ের বেদনা। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় তাঁরা সন্তুষ্ট।

এভাবেই সিঁদুর খেলার উচ্ছ্বাসে, প্রতিমা বিসর্জনের আবেগঘন পরিবেশে শেষ হলো রাণীশংকৈলের শারদীয় দুর্গোৎসব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram