

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম সিরাজুল ইসলাম সিরাজ বলেছেন, আওয়ামীলীগ ব্যান হয়েছে, তাদের কোন কার্যক্রম নেই, আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জে এবার আমাদের গোল্ডেন চান্স। আমি আশা করছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকেই মনোনয়ন দেবে। দল আমাকে মনোনয়ন দিলে আমি গোপালগঞ্জ-২ আসন থেকে বিজয়ী হবো। আমি মাঠের নেতা, সব সময় মাঠে থেকেছি, স্থানীয় নেতা-কর্মীরা সবসময় আমাকে তাদের পাশে পেয়েছে। গোপালগঞ্জে আমাদের বিএনপির অনেক নেতা নিজেদেরকে বাঘা নেতা মনে করে। তারা বিএনপির দুর্দিনে মাঠে থাকেনি, নেতা-কর্মীদের পাশে দাড়ায়নি। বুধবার দুপুরে তিনি গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়াস্থ নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এসব কথা বলেন তিনি।
সিরাজুল ইসলাম সিরাজ আরো বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত গোপালগঞ্জে সুষ্ঠ নির্বাচন হয়নি। আগামী নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হবে, জনগণ বিএনপিকে ভোট দেবে। বিগত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের লোক আমাকে বেশী ভোট দিয়েছে। এ কারণে আমি হিন্দু সম্প্রদায়ের ভোটারদের কাছে কৃতজ্ঞ। তাদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজায় আমি শুভেচ্ছা জানাই।
তিনি আরো বলেন, গোপালগঞ্জ-২ আসনে আমাকে মনোনয়ন দিলে আমি গোপালগঞ্জে শিল্প-কলকারখানা গড়ে তুলবো। জেলার কোন যুবক যুবতী বেকার থাকবেনা। আমি জেলা মাদকমুক্ত করবো, খেলাধুলার দিকে তাদের মনোনিবেশ করানোর চেষ্টা করবো। জেলার সার্বিক উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করবো। তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের জন্য চেষ্টা করবো।
পরে গোপালগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। চলমান দুর্গাপূজার খোঁজখবর নেন, পূজারীদের সাথে মতবিনিময় করেন।
এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আকবর হোসেন ফরাজী (আকু), সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ফকির, বিএনপির সাবেক নেতা তরিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক রানা মোল্লা, সদর উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক রিপন মোল্লা, হাতিয়াড়া ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পিয়াল, সাবেক কাউন্সিলর কবির মুন্সী, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ খান উপস্থিত ছিলেন।
