

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ব্রজেন্দ্র চন্দ্র সূত্রধরের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আচমিতা ইউনিয়নের আমিনুল ইসলাম নামে এক বাসিন্দা জানান, আমি একজন ভূমিহীন রিকশা চালক। আচমিতা মৌজাস্থিত ভিপি সম্পত্তি লিজের জন্য আবেদন করেছিলাম। পরে আচমিতা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ব্রজেন্দ্র চন্দ্র সূত্রধর আমাকে বলেছেন ২ লক্ষ টাকা দাও, তাহলে এই সম্পত্তি তোমার কাছে লিজ দিব। আমি একজন ভূমিহীন হিসেবে লোভে পরে তাকে ২০ হাজার টাকা দিয়েছি এবং বাকি ১ লক্ষ ৮০ হাজার টাকা ২-৩ মাসের মধ্যে তাকে দিব বলে আশ্বাস দিয়েছি। পরে ভূমি কর্মকর্তা সেই জমি সেলিম নামে আরেকজনের কাছ থেকে বেশি টাকা ঘুষের বিনিময়ে লিজ দিয়ে দেয়। এমতাবস্থায় আমি সরকারের কাছে এই ঘুষখোর ভূমি কর্মকর্তার বিচার চাই।
বিষয়টি জানতে চাইলে, আচমিতা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ব্রজেন্দ্র চন্দ্র সূত্রধর সাংবাদিকদের সাথে কথা বলতে অসম্মতি জানিয়ে বলেন, আপনাদের কোনো কথা থাকলে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার কাছে যান। ইউএনও এবং এসিল্যান্ডের অনুমতি ছাড়া আমি কোনো কিছু বলতে পারবো না।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও তিনি বলেন, এ ধরণের অভিযোগ বেশিরভাগই উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে।
এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম বলেন, সাংবাদিকদের তথ্য দিতে আমি কখনোই অফিসারদের নিষেধ করি নাই। সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, আপনাদেরকে অবশ্যই তারা তথ্য দিতে বাধ্য। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও তিনি উল্লেখ করেন।
