

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: মাদক কারবারিদের সকল ধরনের তথ্য দিন, ভয় পেলে অজ্ঞাত নামে আমাদের কাছে অভিযোগ লিখে পাঠানোর আহবান জানিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য কথা গুলো বলেন তিনি।
তিনি আরও জানান, নিজেদেরকে আগে সঠিকভাবে পরিচালিত করতে হবে, একেই সাথে সন্তানরা কি করছে, কোথায় যায় কঠোর নজরদারি বাড়াতে হবে। হাউজবোটে মাদক কারবারিরা বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে তা সঠিক কিন্তু সব পর্যটকবাহী হাউজবোট অভিযান পরিচালিত করা সঠিক হবে না। কারণ অনেকেই পরিবার পরিজন নিয়ে আসে। তাই নির্দিষ্ট তথ্য দিলে আমাদের অভিযান করতে সহজ হবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বাদাঘাট বাজারের মেইন রোডে আয়োজিত সভায় তিনি আরও জানান, আপনি আপনার সন্তান মাদকের সাথে জড়িত না তাই নিরাপদ মনে করলেন তো ভুল করবেন। আপনার ছেলের সাথে যদি কোনো মাদক কারবারির মেয়ের সাথে বিয়ে দেন অথবা আপনার মেয়ে কে যদি কোনো মাদক কারবারি ছেলের সাথে বিয়ে দেন তাহলে ভাবেন কি হবে। তাই নিজ নিজ অবস্থান থেকে মাদক কারবারি সেবনকারীদের কঠোর ভাবে দমন করতে হবে। মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমাদের তথ্য দিয়ে পাশে থাকেন।
বাদাঘাট ইউনিয়নের সর্বস্তরের জনতা ও সচেতন যুব সমাজের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক।
সমাজসেবা কর্মকর্তা মাসুদ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশিত, কেন্দ্রীয় কৃষকদের সহ সাধারণ সম্পাদক, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক, সুনামগঞ্জ-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়েত ইসলামী আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, থানার ওসি দেলোয়ার হোসেন, বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার, বাদাঘাট জামে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রাখার উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।

