ঢাকা
logo
প্রকাশিত : September 16, 2025

দৌলতদিয়ায় ঘাট সংকট, নদী পারের অপেক্ষায় কয়েকশ যানবাহন

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাট সংকটে যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। সিরিয়ালে অল্প সংখ্যক যাত্রীবাহী যানবাহন থাকলেও পণ্যবাহী ট্রাকের সংখ্যাই রয়েছে বেশি। ফলে ট্রাকচালক ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পরে ঘাট এলাকায় এ চিত্র দেখা গেছে। তবে ভোগান্তি লাঘবে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানাল ঘাট পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাকের সারি সৃষ্টি হয়েছে। কয়েকশ যানবাহন ফেরির জন্য লম্বা সিরিয়ালে আটকে রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়ায় ৭টি ফেরিঘাটের মধ্যে ১, ২, ৫ ও ৬নং ফেরিঘাট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ৩, ৪ ও ৭নং ফেরিঘাট জরাজীর্ণ অবস্থায় চলমান ছিল। এরমধ্যেই পদ্মায় তীব্র স্রোতের কারণে গত মাসের ২৩ আগস্ট থেকে ৭ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। ৩ ও ৪ নম্বর ঘাট সচল থাকলেও ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনের প্লেট ভেঙে যাওয়ায় রোববার রাত ১২টা থেকে ঘাটটি মেরামতের কাজ চলমান রয়েছে। শুধু ৪ নম্বর ঘাট সচল থাকায় একটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এতে করে যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে।

আলমগীর হোসেন নামের এক ট্রাকচালক বলেন, আমি কুষ্টিয়া থেকে ফার্নিচার নিয়ে গাজীপুর চৌরাস্তায় যাবো। কিন্তু দৌলতদিয়ায় এসে সিরিয়ালে দাঁড়িয়ে আছি। জানতে পারলাম, একটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এজন্য যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। আমি প্রায় দুই ঘণ্টা যাবত দৌলতদিয়ায় বসে রয়েছি। কখন ফেরির দেখা পাবো সেটা বলতে পারছি না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, দুটি ঘাটের মধ্যে একটি ঘাট চালু থাকায় যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। একটি ঘাটের মেরামত কাজ চলছে। আশা করি, খুব দ্রুতই ঘাটটি সচল হয়ে যাবে।

তিনি আরও বলেন, ঘাট কম থাকায় ফেরি কম চালাতে হচ্ছে। বর্তমান এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি চলাচল করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram