

মো. হারুন অর রশিদ, ডেমরা (ঢাকা) প্রতিনিধি: ডেমরায় গার্মেন্টসের জমি দখলের অভিযোগে গোলাম মোস্তফা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো. গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাঁশেরপুল এলাকায় অবস্থিত নিজ বাড়ী থেকে গ্রেফতার করে বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। ডেমরার পাইটি এলাকার জুম গার্মেন্টসের জমি দখলের অভিযোগে আদালতের নির্দেশে গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, জমি দখলের অভিযোগে প্রিন্সিপাল গোলাম মোস্তফার বিরুদ্ধে আদালতে মামলা করেন (মামলা নং সিআর-২৭৯/২৪) পাইটি এলাকার জুম গার্মেন্টস কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে পেনাল কোড ৪৪৭/৩৭৯/৪২৭/৫০৫/১৪৯/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়। এদিকে আদালত ওই মামলার তদন্ত ভার দেন ডিবি পুলিশকে। পরবর্তীতে ডিবি পুলিশের তদন্তে অপরাধ প্রমাণ হওয়ায় আদালত গোলাম মোস্তফার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আর ওই গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ডেমরা থানা পুলিশ প্রিন্সিপালকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
