

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালেরকন্ঠ’র প্রতিনিধি মিজানুর রহমান বুলু ও যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে সেখানকার স্থানীয় সাংবাদিকরা। কোটালীপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার দুপুরে কোটালীপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে সাংবাদিকরা। মানববন্ধন চলাকালে কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আহত সাংবাদিক মিজানুর রহমান বুলু, সাংবাদিক রতন সেন কংকন, এফ এম মাহবুব সুলতান, প্রমথ রঞ্জন সরকার, কাজী পলাশ, রনি আহম্মেদ, সমীর রায় বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটলো। এ ঘটনায় জড়িত এক সরকারি কর্মচারী ও বিএনপির নেতারা যুক্ত রয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। আসামিদের গ্রেফতার না হওয়া পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে ১ ঘন্টা করে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করা হবে।
