ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2025

কৃষিতে মধ্যসত্বভোগীদের নিয়ন্ত্রণ করতে সবাইকে এগিয়ে আসতে হবে: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

মানিকগঞ্জ প্রতিনিধি: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেছেন, কৃষিতে মধ্যসত্বভোগীদের নিয়ন্ত্রণ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনারা যদি পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ করতে পারেন, তাহলে সবাই পাটজাত পণ্য ব্যবহার করতে সক্ষম হবেন। এই বিষয়ে ইতোমধ্যেই কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

তিনি বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইরে ধল্লার মেদুলিয়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে মেদুলিয়া সমন্বিত কৃষক উন্নয়ন সংঘকে মিনি কোল্ডস্টোরেজের চাবি হস্তান্তর করার পর স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, মধ্যসত্বভোগীরা কৃষি সিন্ডিকেট করে বড় বড় বিল্ডিং এর মালিক হচ্ছেন। কৃষকদের কুড়ে ঘরেই থাকতে হচ্ছে। ফারমারস মিনি কোল্ডস্টোরেজ কেবল ফসল সংরক্ষণ নয়, বরং কৃষি অর্থনীতিতে স্থিতিশীলতা আনার এক যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যতে এ প্রকল্পকে আরও সম্প্রসারণের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের হাতে প্রযুক্তি পৌঁছে। আপনাদের মানিকগঞ্জে গাজর, শীতকালিন সবজি বেশি উৎপাদন হয়। এই ব্যবস্থায় কৃষক, ভোক্তার সরাসরি উপকৃত হবেন। এ মিনি কোল্ডস্টোরেজে পরে আরও বাড়ানো হবে। প্রয়োজনে কৃষকরা নিজেরাও বাড়িতে তৈরি করে নিতে পারবেন অল্প খরচে। আমারা কৃষকদের কারিগরি সহায়তা দিব।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি মন্ত্রণালয় বাস্তবায়িত “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাশ্রয়ী কোল্ডস্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি প্রকল্প”-এর আওতায় সারাদেশে ১০০টি ফারমারস মিনি কোল্ডস্টোরেজ বিতরণ করা হচ্ছে।

এর আগে তিনি কৃষকদের সরাসরি প্রশ্ন শোনেন, এতে খাল বে-দখল, বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন অভিযোগ শুনেন এবং তার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন।

তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আমাদের সময় সীমিত। এজন্য এর আগে একটি কৃষি আইন প্রণয়ন করা হবে, যাতে কৃষিজমি অন্য কোনো কাজে ব্যবহার না করা যায়। রোডস এন্ড হাইওয়ে যখন কোনো রাস্তা তৈরি করতে জমির মালিককে তিনগুণ মূল্য দেয়, একইভাবে এলজিইডিকেও প্রদান করতে হবে। এছাড়া জমির টপ সয়েল ইটভাটার মালিকদের কাছে বিক্রি করা অন্যায়। এটি নষ্ট হলে উৎপাদন কমে যায়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালাক ড. রবীআহ নুর আহমেদসহ প্রায় তিন শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram