

মো.এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ অবরোধ চলাকালে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
এ সময় রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ চট্টগ্রাম শহর ও খাগড়াছড়িগামী শত শত যানবাহনে আটকা পড়েন কয়েক হাজার যাত্রী। হঠাৎ এ অবরোধে সাধারণ মানুষ পড়েন চরম দুর্ভোগে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। তারা অবরোধকারীদের আলোচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
আকিব হাসান মাহি নামের এক অবরোধকারী জানান, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, ওষুধের ঘাটতি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। আমাদের ১২ দফা দাবি জানিয়ে এক সপ্তাহ ধরে কর্মসূচি পালন করলেও স্বাস্থ্য বিভাগ কর্ণপাত করেনি। ইতোমধ্যে উপজেলা ইউএনও ৪ দফা দাবির বিষয় একমত পোষণ করেন। বাকী দাবীগুলো বিষয়ে সিভিল সার্জন এসে পরিদর্শন করে সিন্ধান্ত জানাবেন।
