ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2025

কোম্পানীগঞ্জে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতাসহ আহত ৩, প্রতিবাদে বিক্ষোভ

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় বিএনপি-যুবদল নেতাসহ ৩ জন আহত হয়েছে। মুমূর্ষু অবস্থায় একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাতে ও রোববার বিকেলে চরএলাহীর গাংচিল এবং বসুরহাট পৌরসভার হাসপাতাল রোডে পৃথক দুটি স্থানে দুটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা বিএনপির উদ্যোগে রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল হয়।

আহতরা হলেন, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন (৫০), তার ভাই প্রবাসী বেলাল হোসেন (৩৭) ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড গাংচিলের যুবদলের প্রচার সম্পাদক ইদ্রিস (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে চরএলাহী ইউনিয়ন যুবদলের সদস্য ইব্রাহিম, ইসমাইল, সাব্বির ও বাহাদুরসহ ১০-১৫ জন হামলা চালিয়ে সাহাব উদ্দিনকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেন। এ সময় তাকে বাঁচাতে তার ভাই বেলাল হোসেন (৩৭) এগিয়ে গেলে তাকেও আহত করা হয়। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জেলা সদরের জেনারেল হাসপাতালে পাঠান।

এর আগে, শনিবার রাতে চরএলাহী ইউনিয়নে গাংচিলে একই সন্ত্রাসীরা গাংচিলের যুবদলের প্রচার সম্পাদক ইদ্রিসের ওপর অতর্কিত হামলা চালায়। সে নোয়াখালী জেনারেল হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রোববার সন্ধ্যায় তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলন ও রাতে বসুরহাটে বিক্ষোভ মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে উপজলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য বিএনপি নেতা মুহাম্মদ ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, ৫ আগষ্টের পর কোম্পানীগঞ্জের চরাঞ্চলসহ প্রত্যন্ত অঞ্চলে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার ও সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনের সব ধরনের আশ্রয়ে প্রশ্রয়ে সকল অপকর্ম হয়ে আসছিল। থানায় কেউ মামলা দিতে গেলেও পতিত সন্ত্রাসের গডফাদার কাদের মির্জার মত শিকদারের অনুমতি না পেলে পুলিশ এখনো মামলা নেয় না। উপরন্তু কোনো কোনো পুলিশ অফিসার সন্ত্রাসীদের আত্মীয় স্বজনদের বাসায় ভাড়া থেকে তাদের রসদ যোগায়। এতে সন্ত্রাসীদের এখন রমরমা অবস্থা। পুলিশের নিষ্ক্রিয়তায় ক্রমান্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এরই ধারাবাহিকতায় নুরুল আলম শিকদারের অনুসারী চরএলাহীর চিহ্নিত সন্ত্রাসী ধর্ষণসহ বিভিন্ন মামলার আসামি ইব্রাহিম তোতা, ইসমাইল তোতা, সবুজ তোতা, বাহাদুররা বিএনপি নেতা সাহাব উদ্দিন যুবদল নেতা ইদ্রিসকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। অতি দ্রুত ও স্বল্প সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার, অস্ত্র উদ্ধার ও শান্তি শৃঙ্খলা না আনতে পারলে হরতাল, অবরোধসহ বৃহৎ কর্মসূচি দেয়া হবে বলে বিএনপি নেতা ফখরুল ইসলাম তার বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা মহিলা দলের সভাপতি ভিপি শাহানাজ পারভীন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, বিএনপি নেতা আফতাব আহমেদ বাচ্চু, আহ্বায়ক কমিটির সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশিদ ভুঁইয়া, জেলা স্বেচ্চাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীর প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram