

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো খলিল আইটি স্কলারশিপ প্রোগ্রাম। তথ্যপ্রযুক্তি খাতে তরুণ-তরুণীদের দক্ষতা বাড়াতে এবং উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন খলিল আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইব্রাহিম খলিল।
রোববার (১৭ আগষ্ট) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলায় নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠানটি উদ্ধোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইব্রাহিম খলিল বলেন, “এটি মাটিরাঙ্গার তথা খাগড়াছড়ির তরুণ-তরুণীদের জন্য আইটি স্কিল ডেভেলপমেন্টে এক অসাধারণ সুযোগ তৈরি করবে। মাটিরাঙ্গা উপজেলায় আমার জন্ম। এখানকার মাটি, পানি ও বাতাসের সাথে আমার অনেক দায়বদ্ধতা জড়িয়ে আছে। তাই খলিল আইটির স্কলারশিপ প্রোগ্রাম মাটিরাঙ্গা ব্রাঞ্চ থেকেই শুরু করলাম।”
তিনি আরও জানান, এই প্রোগ্রামের মাধ্যমে একঝাঁক তরুণ-তরুণী সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার অ্যাডভান্সড ও এআই লার্নিং স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন খলিল আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ইব্রাহিম খলিল, আদর্শ স্বপ্ন ছোঁয়ার যুব সংঘের সভাপতি আব্দুল মালেক, মাটিরাঙ্গা উপজেলার আস্থা ব্লাড ডোনার্স ফোরাম (এবিডিএফ)-এর মো. শাকিব এবং যুব রেড ক্রিসেন্টের মাটিরাঙ্গা ইউনিটের হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
স্থানীয় তরুণ সমাজ খলিল আইটির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাটিরাঙ্গা ও খাগড়াছড়ির আইটি খাতে এ প্রোগ্রাম নতুন দিগন্ত উন্মোচন করবে।
