

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা প্রয়াত হারুণর রশিদ খান মুন্নুর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে দোয়া মাহফিল, ফলজ ও ভেষজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার দিয়াপাড় পলাশ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুবদল নেতা শাকিল মোল্লার ব্যক্তিগত আয়োজনে এ দোয়া মাহফিল ও বৃক্ষ বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক বিভিন্ন জাতের ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এ বিষয়ে যুবদল নেতা শাকিল মোল্লা জানান, হারুণর রশিদ খান মুন্নু সমগ্র বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও শিল্পপতি হিসেবে পরিচিত। তার আদর্শকে ধারণ করেই আমি রাজনীতিতে এসেছি। তিনি আমাদের হরিরামপুর তথা মানিকগঞ্জের একজন গৌরব উজ্জ্বল ব্যক্তিত্ব। এই হরিরামপুরে তিনি শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এনে দিয়েছিলেন। তার হাতে গড়া রয়েছে এই হরিরামপুরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। যেখান থেকে কোমলমতি শিক্ষার্থীরা পাঠ দান করে দেশের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আজকের এই দিনে আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে তার সুযোগ্য কন্যা, মানিকগঞ্জের মা, মাটি ও মানুষের মমতাময়ী নেত্রী, আমার মাতৃতুল্য জনাবা আফরোজা খান রিতার হাত ধরে এ পদ্মা ভাঙ্গন অধ্যুষিত হরিরামপুর যেন আবার নতুন সূর্যের আলোয় আলোকিত হয়।"
তিনি আরও জানান, দেশ বরেণ্য এই রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী হারুনর রশিদ খান মুন্নুর জন্মবার্ষিকী উপলক্ষে হরিরামপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৫টি ভ্রাম্যমাণ লাইব্রেরী দিয়েছি। এরমধ্যে তিনটি কলেজ ও ১২ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভ্রাম্যমাণ লাইব্রেরি নির্মাণ করেছি।
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ মণ্ডল, হরিরামপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান ভূইয়া, বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বাবু, চালা ইউপি ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, ছাত্রদল নেতা তিতাস ভুইয়াসহ শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও মুন্নুর জীবনের ওপর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতারও আয়োজন ও কুইজে বিজয়ীদের মাঝে নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৩৩ সালের ১৭ আগস্ট প্রয়াত মুন্নু মিয়া জন্ম গ্রহণ করেন এবং ২০১৭ সালের ১ আগস্ট মৃত্যুবরণ করেন।
