

২০২৬ বিশ্বকাপে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা স্ট্রাইকার।
ম্যাচে স্পট-কিক থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন কেইন। এর মাধ্যমে বিশ্বকাপে তার পেনাল্টি গোলের সংখ্যা দাঁড়ায় পাঁচে। আর এতেই তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিসহ আরো কয়েকজন কিংবদন্তিকে।
এর আগে বিশ্বকাপে চারটি করে পেনাল্টি গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, আর্জেন্টিনার কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা, পর্তুগালের ইউসেবিও এবং নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক।
তাদের সবাইকে ছাড়িয়ে এখন তালিকার শীর্ষে ইংল্যান্ডের এই গোলমেশিন।বিশ্বকাপের মতো চাপের মঞ্চে পেনাল্টি নেওয়া সবসময়ই বড় পরীক্ষা। কিন্তু ইংল্যান্ড অধিনায়ক বারবার প্রমাণ করেছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে তার স্নায়ু কতটা শক্ত। সেই দক্ষতার ফল হিসেবেই ইতিহাসের পাতায় যুক্ত হলো নতুন এক রেকর্ড।
বর্তমান খেলোয়াড়দের মধ্যে এই রেকর্ডে চ্যালেঞ্জ জানানোর সুযোগ রয়েছে কেবল মেসির সামনে। তবে সেটির জন্য আর্জেন্টাইন অধিনায়ককে আসরের বাকি ম্যাচগুলোতে আরো পেনাল্টি থেকে গোল করতে হবে।
