

দিনকয়েক আগে ক্রিকেটকে বিদায় জানান রুবেল। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে সপরিবারে হাজির হন ৩৬ বছর বয়সী এই সদ্য সাবেক পেসার।
বিদায় অনুষ্ঠানে রুবেল বলেন, ‘অবসরের ঘোষণা দেওয়ার পরবর্তী সময়ে তামিম ইকবাল ফোন দেয়, বলে রুবেল তোকে আমরা সম্মানিত করতে চাই। যে বিষয় আমার জন্য খুব গর্বের ও আনন্দের ছিল। আজ এত সুন্দর পরিবেশ তৈরি করেছে, এত সুন্দরভাবে সম্মানিত করেছে, এজন্য বোর্ড ও বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবালকে ধন্যবাদ জানাই।’
যে তিনজনকে বিশেষভাবে স্মরণ করলেন রুবেল, তাদের দুজন তার বাবা-মা। আরেকজন বিখ্যাত কোচ সারোয়ার ইমরান। পেসার হান্ট থেকে রুবেলকে তুলে এনেছিলেন এই কোচ।
রুবেল বলেন, ‘একটা মানুষের কথা না বললেই নয়, যে মানুষের অবদান অন্যরকম এই রুবেল হোসেন হওয়ার পেছনে… পেসার হান্ট থেকে নিয়ে এসে আমাকে ওপরে ওঠার সিঁড়ি ধরিয়ে দিয়েছেন, প্রিয় কোচ শ্রদ্ধেয় সারোয়ার ইমরান স্যার। স্যারের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব।’
বাবা-মাকে মিস করছেন বলেও জানান তিনি। রুবেল বলেন, ‘আজ এখানে দাঁড়াতে পেরেছি ২ জন মানুষের জন্য, আমার বাবা-মা। আমি তাদের আজ খুব মিস করছি।’ এরপর বন্ধু, সমর্থক, গণমাধ্যমকর্মী, ফিজিও এমনকি মাঠকর্মী, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
গত ১৫ এপ্রিল ফেসবুকে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রুবেল। দলের বাইরে ছিলেন প্রায় চার বছর। বাংলাদেশের হয়ে ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন এই পেসার।
বাংলাদেশের কিছু বিখ্যাত জয়ে তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে ২ উইকেট নিয় দলের জয় নিশ্চিত করেন, যার সুবাদে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টের নকআউটে জায়গা করে নেয়।

