ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১৯
logo
প্রকাশিত : এপ্রিল ১২, ২০২৬

সূর্যবংশীকে প্রশংসায় ভাসালেন পোলার্ড

রাজস্থান রয়্যালসের ওপেনার বৈভব সূর্যবংশীকে দেখে বিস্মিত ও শুভকামনা জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড। মাত্র ১৫ বছর বয়সে এ ব্যাটার আইপিএলের দুটি ম্যাচে ১৫ বলে হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছেন। এমনকি নিজের নামটা তুলেছেন রান সংগ্রাহকদের চূড়ায়। তার ব্যাটিং তাণ্ডবে তুমুল শোরগোল ফেলে দিয়েছেন ক্রিকেটবিশ্বে।

জাসপ্রিত বুমরাহ, জোফরা আরচার, ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজলউডের মতো সেরা বোলারদের প্রথম বল থেকেই যেভাবে তিনি পেটাতে শুরু করেন, তা অবিশ্বাস্য। মুম্বাই ইন্ডিয়ানস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে কাইরন পোলার্ড এমন কথাই বললেন। রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়েও খোলামেলা কথা বলেন সাবেক এ ক্যারিবীয় ক্রিকেটার।

কাইরন পোলার্ড বলেন, আমার যখন বয়স ১৫ বছর, তখনো স্কুলে ছিলাম। এর পাশাপাশি ক্লাব ক্রিকেট খেলি। তবে সেটি রোমাঞ্চকর ছিল। এখন বিশ্বের সামনে ওই বয়সে কাউকে ব্যাটিংয়ে ঝড় তুলতে দেখা আরও বেশি রোমাঞ্চকর। সে তার তারুণ্যের উচ্ছ্বাসকে নিজের সুবিধার্থে ব্যবহার করছে এবং তার জন্য এটা যেন দীর্ঘকাল বজায় থাকে। বিশেষ করে ভারতীয় ক্রিকেটের জন্য।

সাবেক এ ক্যারিবীয় অলরাউন্ডার বলেন, আমরা ক্রমাগত প্রতিভাবান খেলোয়াড় তৈরি করছি। আমাদের শুধু তাকে উৎসাহিত করে যেতে হবে। আমি সবসময় একটা কথা বলি—সে যখন এখানে থাকে, তখন যেন আমরা তার জনপ্রিয়তার স্রোতে গা না ভাসাই। আর যদি দুয়েকটা ব্যর্থতা আসে এবং খেলোয়াড়রা তাকে বুঝে ফেলে, তখন আমরা তাকে পথ থেকে ছেঁটে ফেলি।

তিনি বলেন, তার অতীতের কথা পুরোপুরি ভুলে যাই। আমার মনে হয়, একজন ক্রিকেটার হিসেবে ব্যক্তিগতভাবে এটাই আমার সবচেয়ে বড় ভয় যে, আমরা সবাই অতিপ্রচারে না ভেসে যাই।’

আইপিএলের চলতি আসরে সূর্যবংশী চার ইনিংসে করেছেন ৫২, ৩১, ৩৯ ও ৭৮ রান। বেঙ্গালুরুর বিপক্ষে রাজস্থান রয়্যালসকে জেতানো ম্যাচে বৈভব সূর্যবংশী খেললেন ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস। হাঁকিয়েছেন ৮ চার ও ৭ ছক্কা। এবং ৫০ গড়ে ৪ ইনিংস শেষে তার রান ২০০।

অন্যদিকে আজ রোববার (১২ এপ্রিল) দুই প্রতিপক্ষ তারকা রোহিত ও কোহলি পরস্পরের মুখোমুখি হবেন। তাদের এখনো খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে মুম্বাই ইন্ডিয়ানসের এ ব্যাটিং কোচ বলেন, লম্বা সময় ধরে খেলা নিয়ে সবারই নিজস্ব প্রেরণার বিষয় থাকে। আপনি ৩৮-৩৯ বয়স নিয়ে বলছেন, অথচ বিশ্বের কোথাও না কোথাও ইমরান তাহির খেলছেন, যার বয়স প্রায় ৪৬-৪৭।

তিনি বলেন, ধোনিও খেলছেন ৪৪ বছর বয়সে। আমিও ৩৯ বছর বয়সে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছি। এসব ক্ষেত্রে ভিন্ন বিষয় প্রেরণা থাকে। এ ক্রিকেটাররা সামগ্রিকভাবে ক্রিকেটের জন্য ভালো করছেন, কিন্তু আমরা তাদের বয়স দেখে বলে দিচ্ছি—এটা করতে হবে, ওটা করতে হবে।

কাইরন পোলার্ড বলেন, আমি বিশ্বাস করি, যেসব খেলোয়াড় দীর্ঘ সময় ধরে আমাদের মুখে হাসি ফুটিয়েছেন, তাদের সম্মান জানানো উচিত। কখন অবসরের সময়, সেই সিদ্ধান্তটা তাদেরই নিতে দেওয়া উচিত।

তিনি বলেন, আপনার মতে—এটা একটা রোহিত-কোহলি শো। আমি এটাকে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম আরসিবি হিসেবে দেখি এবং ব্যক্তিগতভাবে তারা (কোহলি-রোহিত) জীবনের এই অংশটা উপভোগ করুক। তারা এখনো পারফর্ম করছে, ভালো খেলছে।

কাইরন পোলার্ড বলেন, যদি প্রত্যাশা মেটাতে না পারে, তবু সিদ্ধান্তের ভারটা তাদের হাতে থাকুক। পরবর্তী ১০-১৫ বছরের জন্য যারা সুপারস্টার হবে, তাদের পথ দেখানোর জন্য হলেও এমন অভিজ্ঞ খেলোয়াড়ের প্রয়োজন আছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram