

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে ক্রিস্তিয়ানো রোনালদোর নাম। সম্প্রতি তার ব্যক্তিগত জেট সৌদি আরবের রিয়াদ থেকে স্পেনের মাদ্রিদের উদ্দেশে উড়েছে—এমন খবর প্রকাশের পর অনেকেই ধারণা করেন, রোনালদো হয়তো নিরাপত্তাজনিত কারণে সৌদি আরব ছেড়ে চলে গেছেন।
ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য নিয়ে দ্য মিরর জানিয়েছে, রোনালদোর প্রায় ৬১ মিলিয়ন ডলারের ব্যক্তিগত জেট রিয়াদ থেকে উড্ডয়ন করে মিসর ও ভূমধ্যসাগরের আকাশপথ অতিক্রম করে স্পেনের রাজধানী মাদ্রিদে অবতরণ করেছে। মাদ্রিদ শহরটি রোনালদোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ তিনি দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন।
তবে জেটটি মাদ্রিদে গেলেও রোনালদো নিজে সেই বিমানে ছিলেন কি না—তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকেই মনে করছেন, মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে তার পরিবার বা ঘনিষ্ঠ কেউ ওই বিমানে থাকতে পারেন।
তবে এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে স্পষ্টভাবে জানিয়েছেন, রোনালদো সৌদি আরব ছেড়ে যাননি।
রোমানো লিখেছেন, ‘আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ক্রিস্তিয়ানো রোনালদো তার পরিবারসহ সৌদি আরব ছেড়ে গেছেন, এমন খবর সঠিক নয়। এটি ভুয়া খবর।’
তিনি আরো জানান, সাম্প্রতিক ম্যাচে পাওয়া সমস্যার কারণে রোনালদো বর্তমানে আল নাসরের ট্রেনিং গ্রাউন্ডে চিকিৎসা নিচ্ছেন এবং তিনি এখনো সৌদি আরবেই আছেন।
এর আগে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, নিরাপত্তাজনিত কারণে রোনালদো তার পরিবারকে নিয়ে ব্যক্তিগত জেটে করে রিয়াদ ছেড়েছেন।
এসব খবর দ্রুত ছড়িয়ে পড়ায় সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।তবে রোমানোর বক্তব্য অনুযায়ী, রোনালদো এখনো রিয়াদেই অবস্থান করছেন এবং ক্লাবের হয়ে আসন্ন ম্যাচগুলোর প্রস্তুতির পাশাপাশি চোট থেকে সেরে ওঠার দিকে মনোযোগ দিচ্ছেন।

