ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫২
logo
প্রকাশিত : নভেম্বর ১৭, ২০২৫

মুশফিকের নিবেদন ক্রিকেটারদের জন্য উদাহরণ হয়ে থাকার মতো

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজটি নিয়ে অধীর অপেক্ষায় ছিল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও সিরিজটি বিশেষ হয়ে ওঠে মুশফিকুর রহিমের সৌজন্যে। এই সিরিজ দিয়েই যে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের ক্লাবে পা রাখবেন মুশফিক। সিলেটে প্রথম ম্যাচটি ছিল তাঁর ৯৯তম টেস্ট।

মিরপুরে দ্বিতীয় টেস্টেই মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। এই টেস্টের সময় তাই যত ঘনিয়ে আসছে, ততই মুশফিককে ঘিরে বাড়ছে উচ্ছ্বাস, উন্মাদনা ও রোমাঞ্চ।

মুশফিকের একসময়ের সতীর্থ ও বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আবদুর রাজ্জাকই যেমন। গতকাল রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শততম টেস্টের দ্বারপ্রান্তে থাকা মুশফিকের জন্য অগ্রিম শুভ কামনা জানিয়ে রেখেছেন রাজ্জাক।

মুশফিকের পরিশ্রমই যে তাঁকে এই উচ্চতায় উঠতে সহায়তা করেছে, সেটি উঠে এসেছে রাজ্জাকের কথায়, ‘সবকিছু ঠিক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টে নিজের শততম টেস্ট খেলবে মুশফিকুর রহিম। এটি তার নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং খেলার প্রতি ভালোবাসার প্রমাণ। যেকোনো ক্রিকেটারের জন্য এই মাইলফলক স্পর্শ করা একটি বিশাল অর্জন। আল্লাহ তার সহায় হোন।

ক্রিকেটার হিসেবে মুশফিকের নিবেদন যেকোনো ক্রিকেটারের জন্য উদাহরণ হয়ে থাকার মতো। নিজেকে প্রস্তুত রাখার একাগ্রতা, নিংড়ে দেওয়া অনুশীলন, সেরাটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা মুশফিককে সব সময় আলাদা করেছে। মুগ্ধতা ছুঁয়েছিল সাবেক দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবং বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকেও। নিজের খেলোয়াড়ি জীবনে কত রথী-মহারথীর সঙ্গেই খেলেছেন। কোচ হিসেবেও অনেক ক্রিকেটারকে দেখা ডোনাল্ডের কাছে একটা জায়গায় মুশফিকই সবার ওপরে।

২০২৩ বিশ্বকাপের সময় আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেটি বলেছিলেন ডোনাল্ড, ‘আমি তার (মুশফিক) চেয়ে পেশাদার কাউকে দেখিনি। আমরা মুখে বলি, জয়ের জন্য অনুশীলন করো। সে জয়ের জন্য অনুশীলন করে। তরুণ কোনো ক্রিকেটার কিংবা এমনিতে কেউ যদি তাকে অনুসরণ করে, তাকে দেখে বলবে, ওয়াও।’

ডোনাল্ডের মতো মুশফিককে লম্বা সময় ধরে দেখার সুযোগ হয়েছে গামিনী ডি সিলভার। সম্প্রতি বাংলাদেশ ছাড়ার আগে বিসিবির এই কিউরেটর এক সাক্ষাৎকারে বলে গেছেন মুশফিকের একাগ্রতার কথা, ‘মাঝে মাঝে সে আমার আগেই (মাঠে) চলে আসত। অনেক সময় আমি এসে দেখি, সে একাই দৌড়াচ্ছে।’ ডোনাল্ড-গামিনীদের মনের কথাগুলোই যেন বাজল গতকাল মিরপুরে সাইফ হাসানের কণ্ঠে, ‘মুশফিক ভাই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার জায়গা।’ টেস্ট দলের প্রতিনিধি না হলেও মুশফিকের জন্য শুভ কামনা জানাতে ভোলেননি সাইফ, ‘আজও (গতকাল) ভাইয়ের সঙ্গে জিমে দেখা হয়েছে। উনার জন্য শুভ কামনা।’ বিশেষ সম্মাননার মাধ্যমে মুশফিকের শততম টেস্টের মুহূর্তটি রাঙানোর প্রস্তুতি নিচ্ছে বিসিবি। তাদের পক্ষ থেকে খেলা দেখার আমন্ত্রণ জানানো হবে মুশফিকের পরিবারকে। বিশেষ মুহূর্তের রোমাঞ্চটা তাদেরও ছুঁয়ে যাওয়ার কথা!

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram