ঢাকা
logo
প্রকাশিত : July 26, 2026

দায়িত্ব পেয়ে যে বার্তা দিলেন ভারতের নতুন শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। দায়িত্ব পাওয়ার পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় শিক্ষা ব্যবস্থার সংস্কার বজায় রাখার পাশাপাশি নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেছেন তিনি।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, নতুন দায়িত্ব পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রহ্লাদ জোশী। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী তার ওপর যে আস্থা রেখেছেন, তা বজায় রাখতে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দায়িত্ব পালন করবেন।

শিক্ষা খাতে সরকারের বিভিন্ন পদক্ষেকের কথা তুলে ধরে জোশী বলেন, গত এক যুগে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার শিক্ষা খাতে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। এ সময় তিনি তার পূর্বসূরি ধর্মেন্দ্র প্রধানের অবদানের প্রশংসাও করেন। বিশেষ করে ভারতে নতুন ‘জাতীয় শিক্ষা নীতি’ (এনইপি) বাস্তবায়নে ধর্মেন্দ্র প্রধানের ভূমিকার কথা আলাদাভাবে উল্লেখ করেন তিনি।

নতুন শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির দিকনির্দেশনায় গত চার-পাঁচ বছরে ভারতে শিক্ষা খাতে অনেক বড় পরিবর্তন এসেছে। নতুন শিক্ষা ব্যবস্থার কারণে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই নীতিই আগামী দিনে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের মূল ভিত্তি হিসেবে কাজ করবে।’

এর আগে ভারতে চিকিৎসা শিক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা দুর্নীতি কেন্দ্র করে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদত্যাগপত্র গ্রহণ করার পরপরই ক্যাবিনেট মন্ত্রী প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, প্রহ্লাদ জোশী বর্তমানে ভারতের কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। নতুন এই আদেশের পর থেকে তিনি নিজের মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram