ঢাকা
logo
প্রকাশিত : November 14, 2026

এনভিডিয়া কেলেঙ্কারিতে কারা, সামনে আসছে যেসব তথ্য

মাত্র কয়েক দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান এনভিডিয়ায় বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক, জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং চীনে প্রযুক্তিপণ্য বিক্রির প্রশ্ন— সব মিলিয়ে চাপে পড়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে তাকে। একই সঙ্গে টালমাটাল হয়ে পড়েছে বিশ্বের অন্যতম মূল্যবান এই প্রযুক্তি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কের অভিযোগ সামনে আসার পর হুয়াংকে ঘিরে বিতর্ক শুরু হয়। এর মধ্যে চীনা ব্যবসায়ী ও এনভিডিয়ার গ্রাহক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্ক বিশেষ গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আগে থেকেই অ্যালিসকে সম্ভাব্য জাতীয় নিরাপত্তাঝুঁকি হিসেবে তদন্ত করছিলেন।

বৃহস্পতিবার সকালে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। তার জায়গায় অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস। আগামী মঙ্গলবার তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় বিনিয়োগকারী ও বাজার বিশ্লেষকদের নানা প্রশ্নের মুখে পড়তে পারেন তিনি।

এদিকে এনভিডিয়ার চিপ চীনে বিক্রি ও স্থানান্তরের বিষয়টিও নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এ নিয়ে জেনসেন হুয়াং এবং ট্রাম্প প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাইছেন মার্কিন আইনপ্রণেতারা।

আগামী ১ ডিসেম্বর কংগ্রেসের একটি রুদ্ধদ্বার শুনানিতে হাজির হওয়ার জন্য হুয়াংকে ডাকা হয়েছে। স্বেচ্ছায় হাজির না হলে তাকে তলব করা হবে বলে জানিয়েছেন আইনপ্রণেতারা। এ ছাড়া বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক আগামী মাসে সিনেটের ব্যাংকিং কমিটির সামনে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন। ওই কমিটিও হুয়াংয়ের বক্তব্য শুনতে চেয়েছে।

১৯৯৩ সালে একটি ডেনিস রেস্তোরাঁয় সহপ্রতিষ্ঠাতা হিসেবে এনভিডিয়ার যাত্রা শুরু করেছিলেন হুয়াং। টানা ৩৩ বছর প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি হয়ে উঠেছিলেন এর সবচেয়ে পরিচিত মুখ। ফলে তার আকস্মিক বিদায় প্রযুক্তি ও ব্যবসায়িক অঙ্গনে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে রোববার এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছিল, হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছেন কি না, তা তদন্ত করা হবে। তবে একই সঙ্গে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বোর্ড জানায়, প্রতিষ্ঠানের গোপন তথ্য কিংবা জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা মনে করে না।

সেদিনই বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেন হুয়াং। তবে কার সঙ্গে সেই সম্পর্ক ছিল, তা প্রকাশ করেননি। পরবর্তী সময়ে তার আরও অন্তত একটি সম্পর্কের খবর সামনে আসে। পাশাপাশি মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বুধবার রাতে হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসে পরিচালনা পর্ষদ। পরদিনই পদত্যাগ করেন তিনি।

কেলেঙ্কারির প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। শুক্রবারের লেনদেন শেষে সপ্তাহের শুরু থেকে এনভিডিয়ার শেয়ারের দাম কমেছে ১২ দশমিক ৭৫ শতাংশ। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য থেকে প্রায় ৫৭৩ বিলিয়ন ডলার উধাও হয়েছে।

এনভিডিয়া যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচকের অন্যতম বড় প্রতিষ্ঠান। এই সূচকের মোট বাজারমূল্যের প্রায় ৬ শতাংশজুড়ে রয়েছে কোম্পানিটির শেয়ার। ফলে এনভিডিয়ার দরপতনের প্রভাব পড়ছে শুধু প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীদের ওপরই নয়, অনেক মানুষের বিনিয়োগ ও অবসরকালীন সঞ্চয়েও।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram