ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২০
logo
প্রকাশিত : জুলাই ৭, ২০২৬

ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে ক্ষতিগ্রস্ত ৯০ হাজারের বেশি বাড়িঘর: ডন

দক্ষিণ লেবাননে ইসরায়েলের ধারাবাহিক সামরিক হামলায় ৯০ হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। একই সঙ্গে নিরাপত্তাহীনতার কারণে ৬ লাখের বেশি মানুষ এখনো নিজেদের বাড়িতে ফিরতে পারেননি। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, যেকোনো সময় আবারও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী কয়েক মাস ধরে দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আসছে। এমনকি, সামরিক বাহিনীর পক্ষ থেকেই বিভিন্ন এলাকার বাড়িঘর ও পুরো মহল্লা ধ্বংসের ভিডিও প্রকাশ করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের শামিল।

আল জাজিরার লেবানন প্রতিনিধি জেইনা খোদর জানান, দক্ষিণাঞ্চলের তিবনিন শহর থেকে বাসিন্দা হুসেইন সাবরা নিজের জন্মস্থান হাদাথা গ্রামটি দেখতে পেলেও সেখানে যেতে পারছেন না। মাত্র কয়েক কিলোমিটার দূরে থাকা নিজের গ্রামে প্রতিনিয়ত বিস্ফোরণের শব্দ শুনতে হয় তাকে।

সাবরা বলেন, 'নিজের বাড়িঘর, জীবিকা আর শৈশবের সব স্মৃতি ধ্বংস হতে দেখা কোনো মানুষের পক্ষেই সহ্য করা সম্ভব নয়।'

লেবানন সরকারের জরিপের তথ্য অনুযায়ী, সংঘাতের কারণে দক্ষিণাঞ্চলে ৯০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এসব অবকাঠামো পুনর্নির্মাণে এক বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। তবে যুদ্ধবিধ্বস্ত এলাকার সাধারণ মানুষের পক্ষে সেই ব্যয় বহন করা সম্ভব নয়।

তিবনিনের বাসিন্দা আহমেদ হামজা বলেন, অনেক পরিবার পুরোপুরি পুনর্নির্মাণের সামর্থ্য না থাকায় কেবল সামান্য সংস্কার করে বসবাসের উপযোগী করার চেষ্টা করছে। কিন্তু আবারও হামলা শুরু হওয়ার আশঙ্কায় তারা সব সময় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

তিনি বলেন, 'মানুষ শুধু এতটুকু মেরামত করছে যাতে কোনোভাবে থাকা যায়। কিন্তু সবার মনেই ভয়, আবারও সহিংসতা শুরু হতে পারে।'

যেসব পরিবার ইতোমধ্যে নিজ বাড়িতে ফিরেছে, তাদের জীবনও স্বাভাবিক হয়নি। বাসিন্দাদের ভাষ্য, বিস্ফোরণের শব্দ এবং হামলার আশঙ্কা প্রতিদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।

তিবনিনের আরেক বাসিন্দা আবু হুসেইন বলেন, 'বিস্ফোরণের শব্দে শিশুরা সব সময় আতঙ্কিত থাকে। প্রতিবার বিস্ফোরণ হলে পুরো বাড়ি কেঁপে ওঠে।'

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের সংঘাতে শুধু ঘরবাড়িই নয়, জীবিকা, কৃষিজমি এবং সামাজিক অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে যুদ্ধ থেমে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে তাদের সামনে অপেক্ষা করছে দীর্ঘ পুনর্গঠনের চ্যালেঞ্জ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram