

ভেনেজুয়েলায় গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭১৯ জনে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সোমবার (২৯ জুন) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২২ হাজার ৬১৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে আহত হয়েছেন ৫ হাজার ৩৪ জন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৮৫৫টি ভবন, যার মধ্যে ১৮৯টি পুরোপুরি ধসে পড়েছে।
গত বুধবার ভূমিকম্প আঘাত হানার পর থেকে এখন পর্যন্ত ৬০৯টি আফটারশক অনুভূত হয়েছে বলেও জানান রদ্রিগেজ। এর মধ্যে সোমবার আরও একটি শক্তিশালী কম্পন অনুভূত হলেও এতে উল্লেখযোগ্য নতুন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা প্রকাশ করে বলেছে, পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত প্রাণহানির সংখ্যা ১০ হাজার বা তারও বেশি হতে পারে। সংস্থাটির হিসাব অনুযায়ী, এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৪৪ শতাংশ।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
