ঢাকা
logo
প্রকাশিত : June 30, 2026

নেতানিয়াহুকে সামরিক সহায়তা বন্ধের দাবি মার্কিন কংগ্রেসম্যানের

ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের দাবি তুলেছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান গ্রেগ কাসার। তিনি জানিয়েছেন, কংগ্রেসে উত্থাপিত একটি সংশোধনী প্রস্তাবের পক্ষে ভোট দেবেন, যার লক্ষ্য ইসরায়েলকে দেয়া সামরিক সহায়তা বাতিল করা।

টেক্সাস থেকে নির্বাচিত এই আইনপ্রণেতা সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে অভিযোগ করেন, গাজায় ইসরায়েলি সরকার যুদ্ধাপরাধ করেছে এবং ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলতে ভূমিকা রেখেছে।

তার ভাষ্য, 'গাজায় ইসরায়েলি সরকার যুদ্ধাপরাধ করেছে এবং যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে সহায়তা করেছে। নেতানিয়াহুর জন্য আরও অস্ত্র কেনায় মার্কিন জনগণের অর্থ ব্যয় করা উচিত নয়।'

৩৩০ কোটি ডলারের সামরিক সহায়তা বাতিলের প্রস্তাব

সংশোধনী প্রস্তাবটি উত্থাপন করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। এতে প্রতি বছর ইসরায়েলকে দেয়া ৩৩০ কোটি ডলারের সামরিক সহায়তা বাতিলের আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দফতরের অর্থায়ন বিলের আওতায় ইসরায়েলের জন্য বরাদ্দ রাখা অর্থও বাতিল করতে হবে।

এই প্রস্তাবটি চলতি সপ্তাহের শেষ দিকে প্রতিনিধি পরিষদে ভোটে তোলা হতে পারে।

গত মাসে, রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি পুনর্নির্বাচনে পরাজিত হন। ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া প্রতিদ্বন্দ্বী এড গ্যালরেইনের কাছে তিনি হেরে যান।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রাইমারি নির্বাচনের ইতিহাসে এটি ছিল সবচেয়ে ব্যয়বহুল প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি। ম্যাসিকে পরাজিত করতে ৩ কোটি ২০ লাখ ডলারের বেশি ব্যয় হয়, যার বড় অংশই এসেছে ইসরায়েলপন্থী বিভিন্ন সংগঠন এবং ট্রাম্প-সমর্থিত গোষ্ঠীগুলোর কাছ থেকে।

ম্যাসির সংশোধনী মার্কিন কংগ্রেসে কতটা সমর্থন পাবে, তা এখনো স্পষ্ট নয়। তবে গাজা যুদ্ধ, ইরান-ইসরায়েল উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে কংগ্রেসে যে মতপার্থক্য ক্রমেই বাড়ছে, এই প্রস্তাব সেই বিতর্ককে আরও জোরালো করবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram