

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির মহারাষ্ট্র রাজ্যের নাগপুর জেলায় এক শিক্ষার্থী পুনঃনিট (ইউজি) মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পরীক্ষাকেন্দ্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি কেন্দ্র বরাদ্দ পেয়েছেন।
দেশটির ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শনিবার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ তালিব পুনঃনিট পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার পর দেখতে পান, তার পরীক্ষাকেন্দ্র ভারতের পরিবর্তে আবুধাবির একটি স্কুলে নির্ধারণ করা হয়েছে। অথচ তিনি নাগপুর থেকে আবেদন করেছিলেন। এছাড়া দেশের মধ্যেই পরীক্ষাকেন্দ্র পাওয়ার কথা ছিল তার।
বিষয়টি আরও জটিল হয়ে ওঠে, যখন জানা যায় যে, আবদুল্লাহর কোনও পাসপোর্ট নেই। ফলে বিদেশে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়া তার পক্ষে অসম্ভব ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রবেশপত্রের একটি ছবিতে আবুধাবির একটি ভারতীয় স্কুলকে পরীক্ষাকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়। পরে বিষয়টি এনটিএ’র নজরে আনা হলে এটিকে প্রযুক্তিগত ত্রুটির ফল বলে উল্লেখ করে সংস্থাটি।
ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, আবেদন করার সময় আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্র হিসেবে নাগপুর, ওয়ার্ধা ও ভান্ডারা শহরকে পছন্দের তালিকায় রেখেছিলেন। কিন্তু প্রবেশপত্রে তার পরীক্ষাকেন্দ্র দেখানো হয় আবুধাবিতে। শিক্ষার্থীর বাবা ডা. মোহাম্মদ তালিব সংবাদমাধ্যমকে বলেন, “প্রবেশপত্র দেখে আমরা হতবাক হয়ে গেছি। আমার ছেলে কাঁদতে শুরু করেছিল। তার তো পাসপোর্টই নেই।”
বিষয়টি প্রকাশ্যে আসার পর এনটিএ জানায়, অভিযোগটি যাচাই করে কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষার্থীকে নাগপুরে একটি পরীক্ষাকেন্দ্র বরাদ্দ দেওয়া হবে এবং সংশোধিত প্রবেশপত্র ইস্যু করা হবে।
উল্লেখ্য, ভারতে পুনঃনিট (ইউজি) ২০২৬ পরীক্ষা ২১ জুন অনুষ্ঠিত হবে। লিখিত এই পরীক্ষা স্থানীয় সময় দুপুর ২টা থেকে চলবে বিকাল ৫টা ১৫ মিনিট পর্যন্ত। সূত্র: এনডিটিভি
