ঢাকা
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪০
logo
প্রকাশিত : জুন ১, ২০২৬

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৫৫

মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত শান রাজ্যের একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

রোববার (৩১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে চীন সীমান্তসংলগ্ন নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে অবগত সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। তবে বিভিন্ন প্রতিবেদনে হতাহতের সংখ্যায় কিছুটা ভিন্নতা দেখা গেছে।

বিস্ফোরণের পর পুরো এলাকায় বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়। ঘটনাস্থলের ভিডিওচিত্রে বিধ্বস্ত ঘরবাড়ি, বড় বড় গর্ত, ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইট-পাথর এবং পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে। দুমড়ে-মুচড়ে যাওয়া গাছপালা থেকেও তখন ধোঁয়া বের হচ্ছিল।

এলাকাটির নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী ট্যআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এক বিবৃতিতে জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এ ‘আকস্মিক বিস্ফোরণ’ ঘটেছে।

স্থানীয় এক বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, প্রথমে অনেকেই ঘটনাটিকে বিমান হামলা বলে মনে করেছিলেন।

এক বিবৃতিতে টিএনএলএ জানিয়েছে, নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।

সংগঠনটি আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত ত্রাণ, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, শান রাজ্যের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জান্তাবাহিনী ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত চলমান থাকায় অঞ্চলটি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram