ঢাকা
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৪
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৬

কলম্বিয়ায় নির্বাচনের আগে ডানপন্থী প্রার্থীর ২ প্রচারকর্মী নিহত

কলম্বিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ডানপন্থী রাষ্ট্রপতি পদপ্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লার দুইজন নির্বাচনী প্রচারকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (১৬ মে) তার রাজনৈতিক দল ‘ডিফেন্ডার্স অফ দ্য হোমল্যান্ড’ এই তথ্য নিশ্চিত করেছে।দলটির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (১৫ মে) রাতে মেটা প্রদেশের কুবারাল এলাকার একটি গ্রামীণ রাস্তায় এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন—কুবারালের প্রাক্তন মেয়র রজার্স মাউরিসিও ডেভিয়া ও ফ্যাবিয়ান কার্ডোনা।

তারা দুজনে ভিলাভিসেনসিও শহর থেকে নির্বাচনী প্রচার সামগ্রী নিয়ে মোটরসাইকেলে ফিরছিলেন।

পথিমধ্যে চারজন মুখোশধারী ব্যক্তি মোটরসাইকেলে এসে তাদের পথ আটকায় এবং এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। নিহত ডেভিয়া ওই এলাকায় প্রার্থীর স্থানীয় প্রচারণার প্রধান সমন্বয়ক ছিলেন এবং কার্দোনা লজিস্টিকস বা রসদ সরবরাহের দায়িত্বে ছিলেন।
এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এক ভিডিও বার্তায় প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা বলেন, ‘তাদেরকে কাপুরুষের মতো ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। প্রশাসন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সশস্ত্র গোষ্ঠীকে এই হামলার জন্য দায়ী করেনি।

তবে দে লা এসপ্রিয়েলা কোনো প্রমাণ ছাড়াই কলম্বিয়ার সাবেক বামপন্থী গেরিলা গোষ্ঠী ‘ফার্ক’ এর একটি ভিন্নমতাবলম্বী দলকে এই খুনের জন্য দায়ী করেছেন।’

আগামী ৩১শে মে কলম্বিয়ায় প্রথম দফার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান জনমত জরিপ অনুযায়ী, বামপন্থী প্রার্থী ইভান সেপেদার পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছেন দে লা এসপ্রিয়েলা। তিনি মূলত অপরাধী চক্র, মাদক পাচারকারী ও গেরিলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালাচ্ছেন।

সূত্র : রয়টার্স

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram