ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১৪
logo
প্রকাশিত : মে ২, ২০২৬

মধ্যপ্রদেশে ভাইরাস আতঙ্ক, দুই সপ্তাহে ৫ বাঘের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের কানহা টাইগার রিজার্ভে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে একই পরিবারের পাঁচটি বাঘের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। বন কর্মকর্তাদের ধারণা, একটি মারাত্মক ভাইরাসের সংক্রমণে এই বাঘগুলোর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বাঘিনী ‘টি-১৪১’ ও তার শেষ জীবিত শাবকটিকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করেন বনকর্মীরা।

তাদের দ্রুত কোয়ারেন্টাইন কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

বুধবার (২৯ এপ্রিল) সকালে বাঘিনীটি এবং বিকেলে শাবকটি মারা যায়। এর আগে ২১ থেকে ২৫ এপ্রিলের মধ্যে ওই বাঘিনীর আরো তিনটি শাবককে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। মৃত বাঘগুলোর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের রিপোর্টে ফুসফুসে ক্ষত ও নিউমোনিয়ার লক্ষণ পাওয়া গেছে।

বন কর্মকর্তাদের সন্দেহ, বাঘগুলো ক্যানাইন ডিসটেম্পার ভাইরাস-এ আক্রান্ত ছিল। এটি অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা সাধারণত কুকুর থেকে বন্য মাংসাশী প্রাণীদের মধ্যে ছড়ায়। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
সংক্রমণ ঠেকাতে বন কর্তৃপক্ষ যে এলাকায় বাঘগুলোকে পাওয়া গিয়েছিল, সেটি জীবাণুমুক্ত করেছে।

বনের ভেতরের পানির উৎসগুলো পরীক্ষা করা হচ্ছে। আশেপাশের এলাকার গৃহপালিত পশুদের মধ্যে কোনো সংক্রমণ আছে কি না, তা যাচাই করা হচ্ছে।

২০১৮ সালেও এই ভাইরাসের কারণে গুজরাটের গির অরণ্যে ২৮টি সিংহ মারা গিয়েছিল। কানহা টাইগার রিজার্ভের এই ৫টি বাঘসহ চলতি বছরের প্রথম চার মাসেই মধ্যপ্রদেশে মোট ২৭টি বাঘের মৃত্যু হলো। যদিও কর্মকর্তারা বলছেন, বাঘেরা সাধারণত নিজেদের এলাকা নিয়ে আলাদা থাকে, তাই এই সংক্রমণ পুরো বনে ছড়িয়ে পড়ার ঝুঁকি কিছুটা কম।

সূত্র : ফার্স্টপোস্ট

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram