

সিঙ্গাপুর আগামী পাঁচ বছরে সামুদ্রিক গবেষণা ও উন্নয়নে (মেরিটাইম রিসার্চ) ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করবে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী জেফ্রি সিও।
মঙ্গলবার (২১ এপ্রিল) ‘সিঙ্গাপুর মেরিটাইম উইক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এই বিনিয়োগ একটি নতুন মেরিটাইম প্রযুক্তি ও গবেষণা রোডম্যাপের অংশ, যা ভবিষ্যৎ উদ্ভাবনকে এগিয়ে নিতে সহায়তা করবে।
সরকারের এই পরিকল্পনায় স্বয়ংক্রিয় বন্দর পরিচালনা (অটোনোমাস পোর্ট অপারেশন), বিকল্প জ্বালানি এবং স্মার্ট জাহাজ প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে সিঙ্গাপুর তার সামুদ্রিক খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে চায়।
এছাড়া মেরিটাইম খাতে তথ্য আদান-প্রদান ও কার্যক্রমকে আরও দক্ষ করতে ‘ওশানস-এক্স’ (OCEANS-X) নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এটি বিভিন্ন অংশীজনের মধ্যে তথ্য বিনিময় সহজ করবে এবং বন্দর কার্যক্রম ও বৈশ্বিক বাণিজ্য প্রবাহকে আরও মসৃণ করবে।
জেফ্রি সিও বলেন, সামুদ্রিক খাত বর্তমানে সাইবার নিরাপত্তা ঝুঁকি এবং বিকল্প জ্বালানির অবকাঠামোগত সীমাবদ্ধতার মতো নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও নতুন সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
এই বিনিয়োগের মাধ্যমে সিঙ্গাপুর ভবিষ্যতের টেকসই ও প্রযুক্তিনির্ভর সামুদ্রিক শিল্প গড়ে তুলতে চায় বলে তিনি উল্লেখ করেন।
তথ্য সূত্র- দ্যা স্টারটিস টাইমস।

