

প্রবল ঝড়, তীব্র বাতাস ও বজ্রপাতের কারণে সোমবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল চরম বিপর্যয়ের মুখে পড়েছে। দেশটির পূর্ব উপকূলসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের প্রভাবে ১২,৫০০-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) পরিস্থিতি সামাল দিতে নিউইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন, আটলান্টার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইটের ওপর বিধিনিষেধ জারি করেছে। সবচেয়ে বেশি আক্রান্ত বিমানবন্দরগুলো হচ্ছে নিউইয়র্কের জেএফকে ও লাগার্ডিয়া, আটলান্টা, শিকাগো ও’হেয়ার বিমানবন্দর।
যেখানে অর্ধেকেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। হিউস্টন বুশ ও বাল্টিমোর ওয়াশিংটন বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ‘ফ্লাইটঅ্যাওয়্যার’-এর তথ্যমতে, বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৪,০০০ ফ্লাইট বাতিল এবং ৮,৫০০-এর বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। আমেরিকান, সাউথওয়েস্ট ও ডেল্টা: এই এয়ারলাইন্সগুলোর প্রায় ৪৫% ফ্লাইট শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে।
পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন, শীতকালীন ঝড় ও বজ্রপাতের কারণে পুরো দেশজুড়ে বিমান চলাচলে প্রভাব পড়ছে। নিরাপত্তার খাতিরে ওয়াশিংটন ডি.সি. এলাকার সরকারি কর্মকর্তা ও কর্মীদের দুপুর ২টার মধ্যে অফিস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র : রয়টার্স
