ঢাকা
logo
প্রকাশিত : November 27, 2025

মৃত্যুফাঁদ

দিল্লির উপরে ঝুলে থাকা বিষাক্ত ধোঁয়া কাউকেই ছাড় দিচ্ছে না। তবে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে শিশুদের। এটি সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায় শিশু বিশেষজ্ঞদের চেম্বারে গেলে। কয়েকদিন আগে সপ্তাহের এক সকালে বিবিসির সাংবাদিক দিল্লির কাছে নয়ডার একটি শিশু চিকিৎসাকেন্দ্র পরিদর্শন করেন। তারা দেখেন, চেম্বারের বাইরে ভিড় বাড়ছে। ওয়েটিং রুমে উদ্বিগ্ন বাবা-মা। তারা লাইন ধরে দাঁড়িয়ে আছেন। কারও সন্তান হাঁচি দিচ্ছে। কেউ কাশছে। কেউ শ্বাসকষ্টে ভুগছে। বেশিরভাগই অসুস্থ হতে শুরু করেছে অক্টোবর থেকে, যখন দিল্লির বায়ুর মান বিপজ্জনক মাত্রায় নেমে যায় এবং ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময়ও বেড়ে যায়।

বিবিসি আরও বলেছে, দিল্লি এবং উত্তর ভারতের বহু অঞ্চলে শীতকালে বায়ুদূষণ নিয়মিত সমস্যা। কারণও একটিমাত্র নয়। অনেক কারণ। এর মধ্যে আছে কম বাতাসের গতি, শিল্পকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, তাপমাত্রা কমে যাওয়া এবং প্রতিবেশী রাজ্যগুলোতে ফসল কাটার পর খড় পোড়ানো। সব মিলেই এই বিপর্যয়। কিন্তু এক মাস ধরে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩০০ থেকে ৪০০-এর মধ্যে উঠানামা করছে। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমার ২০ গুণেরও বেশি। একিউআই ৪০০-এর ওপরে চলে গেলে সব সুস্থ মানুষই ক্ষতিগ্রস্ত হয়।

আর শিশু ও বয়স্করা আক্রান্ত হয় সবচেয়ে বেশি। শহরের নানা হাসপাতালে এখন শ্বাসকষ্ট ও দূষণ সম্পর্কিত অসুস্থতায় আক্রান্ত শিশুদের ভিড়। নয়ডার ওই ক্লিনিকের শিশু বিশেষজ্ঞ ডা. শিশির ভাটনাগার বিবিসিকে বলেন, এই দূষিত কণা শিশুদের রোগ প্রতিরোধক্ষমতাকে নষ্ট করে দেয়। কারণ তাদের রোগপ্রতিরোধ ব্যবস্থা তখনও কেবল গড়ে উঠছে। তিনি জানান, কয়েক বছরে এ ধরনের রোগী দশগুণ বেড়েছে। সাধারণ সময়ে আমার ২০-৩০ ভাগ রোগীর এমন সমস্যা থাকে। দূষণের মৌসুমে সেটা ৫০-৭০ ভাগ হয়ে যায়। প্রতি বছর সরকার জরুরি ব্যবস্থা নেয়। তার মধ্যে আছে নির্মাণকাজ বন্ধ, দূষণকারী যান চলাচলে নিষেধাজ্ঞা ইত্যাদি। এ বছর কৃত্রিম বৃষ্টির জন্য ক্লাউড সিডিং-ও চেষ্টা করা হয়, তবে তা ব্যর্থ হয়েছে। কিন্তু কিছুই সমস্যাকে কমাতে পারছে না। ২ কোটি মানুষের শহরে, বিশেষ করে ছোট শিশুদের বাবা-মায়েরা, চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

৩১ বছর বয়সী খুশবু ভারতী এখনো কেঁপে ওঠেন ১৩ নভেম্বরের রাতটি মনে পড়লে। সেদিন তিনি এক বছরের মেয়ে সামায়রাকে জরুরি বিভাগে নিয়ে যেতে বাধ্য হন। বলেন, ‘ও খুব জোরে কাশতে শুরু করল, তারপর কয়েকবার বমি করল’। বাড়ির টোটকা কিছুই কাজ করছিল না। শেষে রাতের মধ্যেই শিশুটিকে হাসপাতালে নিতে হয়। তিনি বলেন, হাসপাতালে যাওয়ার পথে সামায়রা কারও কথা বা কোনো শব্দে সাড়া দিচ্ছিল না, যা তার স্বভাবের একদম বিপরীত। মাথা পর্যন্ত তুলছিল না। জীবনের সবচেয়ে ভয়ানক মুহূর্ত ছিল সেটা। হাসপাতালে তাকে স্টেরয়েড নেবুলাইজার দেয়া হয় এবং দুই দিন অক্সিজেন সাপোর্টে রাখা হয়। পরে তার নিউমোনিয়া ধরা পড়ে। তারপর থেকেই খুশবু ভীত। ও যদি একটু কাশেও, আমি ঘাবড়ে যাই।

সামায়রা সেরে উঠেছে, কিন্তু অনেক বাবা-মা আশঙ্কা করছেন তাদের সন্তানের ফুসফুসের ক্ষতি স্থায়ী হয়ে যেতে পারে। গোপাল নামে এক পিতা বলেন- তার দুই বছর বয়সী মেয়েকে বুক জমাট বাঁধার জন্য সরকারি হাসপাতালে নিতে হয়। ডাক্তার বলেন কিছুদিন ওকে ইনহেলার নিতে হতে পারে।

বিষাক্ত বাতাস শিশুদের ভবিষ্যৎ নষ্ট করছে। বছরের পর বছর গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণ শিশুদের শারীরিক বৃদ্ধি থামিয়ে দেয়, রোগ প্রতিরোধক্ষমতা কমায়, বুদ্ধিবৃত্তিক সক্ষমতাও কমিয়ে দেয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণা বলছে, বিভিন্ন দূষণের দীর্ঘমেয়াদি সংস্পর্শ ডিমেনশিয়া, বিশেষ করে অ্যালঝেইমারের ঝুঁকি বাড়ায়। এই বাড়তে থাকা ঝুঁকি অনেক পরিবারকে দিল্লি ছাড়ার কথা ভাবাচ্ছে। খুশবু বলেন, কী লাভ এমন শহরে থাকার, যেখানে আমার মেয়ে ঠিকমতো নিশ্বাসই নিতে পারে না?

এখন দিল্লির স্কুলগুলো আউটডোর খেলা বন্ধ করেছে, প্রাথমিক শ্রেণিগুলো অনলাইনে চলছে। অর্থবান পরিবারগুলো কিছুটা হলেও সুবিধা পাচ্ছে। কিন্তু ফুটপাত, বস্তি বা ছোট ঘরে থাকা লাখো শিশুর জন্য পরিস্থিতি ভয়ানক। কেরালাভিত্তিক ফুসফুস বিশেষজ্ঞ ডা. এ ফাতাহুদ্দিন বলেন, এদের ফুসফুসের ওপর আঘাত প্রচণ্ড। ঘরের ভেতর রান্নার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, কম বায়ুচলাচল- সব মিলে মৃত্যুফাঁদ। বাইরের বিষাক্ত বাতাস তো আছেই।

তিনি জানান, এভাবে ছোট বয়সে ফুসফুসে সংক্রমণ হলে বড় হয়ে তাদের সিওপিডির মতো রোগ হতে পারে, যা সাধারণত ধূমপায়ীদের হয়। ডা. ফাতাহুদ্দিন বলেন- যারা পারবে, তারা শিশুদের ঘরে রাখতে চেষ্টা করবে; বাইরে গেলে এন৯৫ মাস্ক পরাতে হবে; শরীর হাইড্রেটেড রাখতে হবে। কিন্তু বাবা-মায়েদের প্রশ- শিশুদের কতদিন ঘরে আটকে রাখা যায়? সীমা নামে এক মা বলেন, ওরা বড় হচ্ছে। খেলার জায়গা চাই। আমরা এখন বাধ্য হয়ে ওদের থামিয়ে দিচ্ছি। জানি শারীরিক কার্যকলাপ জরুরি। কিন্তু বিষাক্ত বাতাসে তো তাদের মরেই যেতে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram