

দক্ষিণী অভিনেত্রী ঐশ্বরিয়া দেবনের জীবনে নতুন অধ্যায়। অভিনেতা ও মডেল ঐশ্বরিয়া দেবন বিয়ে করেছেন অবিনাশ সোমশেখরনকে। দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মেনে আয়োজিত হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর স্বামীর সঙ্গে বিশেষ দিনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামে অবিনাশের সঙ্গে ছবি প্রকাশ করে ঐশ্বরিয়া লিখেছেন, “দুই আত্মা এক হয়ে জীবনের পরবর্তী অধ্যায়ের পথে। এই যাত্রায় পাইলট হিসেবে আছি আমি, তবে সবকিছু চলছে তত্ত্বাবধানে।”
বিয়ের দিন ঐশ্বরিয়ার সাজেও ছিল দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের ছাপ। গাঢ় গোলাপি কাঞ্জিভরম সিল্ক শাড়িতে সেজেছিলেন তিনি। শাড়ির চওড়া পাড়ে ছিল সোনালি জরির নকশা। সাজের সঙ্গে পরেছিলেন সোনার নানা গয়না। গলায় ছিল চোকার ও লম্বা হার, কপালে চাঁদ আকৃতির টিকলি। কানে ঝুমকা এবং হাতে ছিল রুবি বসানো সোনার চুড়ি।
হাতে ছিল মেহেদির নকশা। খোঁপা করা চুল সাজানো হয়েছিল সাদা গজরা ফুলে। হালকা সাজে চোখে ছিল বেরি রঙের আইশ্যাডো, ঠোঁটে কোরাল-গোলাপি লিপস্টিক এবং কপালে লাল টিপ।
অভিনয়ে আসার আগে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন ঐশ্বরিয়া দেবন। ২০১১ সালে তামিল সিনেমা ‘ইউভান’ ও তেলুগু সিনেমা ‘কেরাটাম’-এর মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। ‘কেরাটাম’-এ তার চরিত্রের নাম ছিল গীতা।
এরপর ২০১২ সালে মালয়ালম সিনেমায় অভিষেক হয় ঐশ্বরিয়ার। শাজি কৈলাস পরিচালিত ‘সিংহাসনম’ সিনেমায় পৃথ্বীরাজ সুকুমারনের বিপরীতে নন্দা চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটিই মালয়ালম চলচ্চিত্রে তাঁকে পরিচিত করে তোলে।
এরপর ‘দ্য হিট লিস্ট’, ‘কার্মাযোগ্য’ ও ‘থ্যাঙ্ক ইউ’-এর মতো মালয়ালম সিনেমায় অভিনয় করেন ঐশ্বরিয়া। ‘চেন্নাইয়িল ওরু নাল’ সিনেমাতেও দেখা গেছে তাঁকে। পাশাপাশি কন্নড় সিনেমা ‘জয় ললিতা’ এবং ‘শ্রীনিবাসন পারাঞ্জা কথা’তেও অভিনয় করেন তিনি।
তামিল সিনেমায় ধনুশের সঙ্গে ‘অ্যানেগান’-এ অভিনয় করে আরো পরিচিতি পান ঐশ্বরিয়া। সিনেমাটিতে মীরা ও মাল্লিকা—দুটি চরিত্রে দেখা যায় তাকে। পরে শর্মান যোশির সঙ্গে ‘কাশী: ইন সার্চ অব গঙ্গা’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তার। সেখানে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন ঐশ্বরিয়া। ২০১৭ সালে তিনি ‘ফেমিনা মিস ইন্ডিয়া মহারাষ্ট্র’ খেতাব জেতেন এবং একই বছর মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতায় সেরা ছয়জনের মধ্যেও জায়গা করে নিয়েছিলেন তিনি।
দক্ষিণী চলচ্চিত্রে মডেলিং থেকে অভিনয়ে আসা অভিনেত্রীর সংখ্যা কম নয়। ঐশ্বরিয়ার মতোই রাকুল প্রীত সিং, পূজা হেগড়ে ও শ্রুতি হাসানের মতো অভিনেত্রীরাও মডেলিং ও সৌন্দর্য প্রতিযোগিতার জগতের সঙ্গে যুক্ত থেকে পরে চলচ্চিত্রে নিজেদের অবস্থান তৈরি করেছেন। তবে, ঐশ্বরিয়ার ক্যারিয়ারের বিশেষ দিক হলো; মালয়ালম, তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি, একাধিক ভাষার সিনেমায় কাজ করেছেন তিনি।
২০১৮ সালে হিন্দি সিনেমায় কাজের সময় এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, বলিউডে কাজ করার ইচ্ছা তার আগে থেকেই ছিল। মুম্বাইয়ে মডেলিংয়ের পাশাপাশি ২০১৭ সালের ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়াও তার ক্যারিয়ারে নতুন সুযোগ তৈরি করে।
এবার অবিনাশ সোমশেখরনের সঙ্গে বিয়ের মধ্য দিয়ে ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করলেন ঐশ্বরিয়া দেবন।
