ঢাকা
logo
প্রকাশিত : July 25, 2026

‘জন নায়গন’ থেকে মুখ্যমন্ত্রী বিজয়ের আয় প্রায় ৩০০ কোটি টাকা

রূপালী পর্দায় থালাপতি বিজয়ের 'বিদায়ী সিনেমা' হিসেবে খ্যাত ‘জন নায়গন’ শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। তবে সিনেমাটির জমকালো অ্যাকশনের পাশাপাশি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে কাস্টিং ও পারিশ্রমিকের হিসাব। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ুর এই বর্তমান মুখ্যমন্ত্রী ও অভিনেতা সিনেমাটি থেকে যে আকাশচুম্বী পারিশ্রমিক ঘরে তুলেছেন, যা ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির সব রেকর্ড ভেঙে তাকে শীর্ষ পারিশ্রমিকভোগী তারকার মর্যাদা দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘জন নায়গন’-এ মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য বিজয় পেয়েছেন প্রায় বাংলাদেশি মুদ্রায় ৩০০ কোটি টাকা। বলা হচ্ছে, এই অর্থ তাকে সরাসরি পারিশ্রমিক হিসেবে দেওয়া হয়েছে; ছবির মুনাফায় অংশীদার হওয়ার কোনো চুক্তি ছিল না। যদিও নির্মাতা বা অভিনেতার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবি 'জন নায়গন', মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড

‘জন নায়গন’ ছবি পরিচালনা করেছেন এইচ বিনোথ। জানা গেছে, ছবিটি পরিচালনার জন্য তিনি ৩০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।

এই ছবির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। ‘জওয়ান’, ‘লিও’ ও ‘জেলার’-এর মতো সফল ছবির সংগীত পরিচালনার পর এবার ‘জন নায়গন’-এর জন্য তিনি ১৫ কোটি টাকা নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এই ছবির নায়িকা হলেন পূজা হেগড়ে। ‘জন নায়গন’-এ অভিনয়ের জন্য তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। তবে দক্ষিণের পাশাপাশি বলিউডেও পূজা হেগড়ে পরিচিত মুখ।

এই ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন ববি দেওল। তার পারিশ্রমিক ১২ কোটি টাকার মধ্যে বলে জানা গেছে। এ ছাড়া ছবির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে প্রকাশ রাজ পেয়েছেন ৭ কোটি টাকা, প্রিয়ামণি ৫ কোটি টাকা ও গৌতম বাসুদেব মেনন পেয়েছেন ৫ কোটি টাকা।

উল্লেখ্য, ‘জন নায়গন’ ছবিকে বিজয়ের অভিনয়জীবনের শেষ ছবি হিসেবে দেখা হচ্ছে। কারণ, অভিনয় থেকে সরে এসে তিনি এখন পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দিচ্ছেন। বলা হচ্ছে, এই পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার ছবির বাজেট ৫০০ কোটি টাকার মতো।

‘জন নায়গন’ মুক্তির প্রথম দিনে অগ্রিম বুকিংয়ে বিশাল রেকর্ড করেছে। দেশে প্রি-সেলস (ব্লক করা আসনসহ) থেকেই ছবিটি আনুমানিক ৩০ কোটি টাকা আয় করেছে। ‘জন নায়গন’ মুক্তির প্রথম দিনে দুনিয়াজুড়ে আনুমানিক আয় ১০৭-১১২ কোটি টাকার মধ্যে, আর দেশের বক্স অফিস থেকে প্রায় ৭০ কোটি টাকা আয় করেছে বলা হচ্ছে। থালাপতি বিজয়ের শেষ ছবি কতটা বাণিজ্যিক সাফল্য পায়, সেটাই এখন দেখার বিষয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram