

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’। গত ৯ জানুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। কিন্তু সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) না পাওয়ার কারণে তৈরি হয় জটিলতা, থমকে যায় মুক্তি। দীর্ঘ ৭ মাস নানা জটিলতার পর সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমাটিকে ‘এ’ ক্যাটাগরির (প্রাপ্তবয়স্কদের সনদ) ছাড়পত্র দিয়েছে।
অপেক্ষার ইতি টেনে বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া ফেলেছে। এ পরিস্থিতিতে ভ্যারাইটি ইন্ডিয়া বক্স অফিস বিশ্লেষকদের সঙ্গে কথা বলেছেন সিনেমাটির সংকট ও আয় নিয়ে। অনলাইনে ফাঁস হওয়ার পরও সিনেমাটি আদৌ ব্যবসা করবে কি না, তা ব্যাখ্যা করেছেন বিশ্লেষকরা।
চেন্নাইভিত্তিক খ্যাতনামা বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা মনে করেন, সিনেমাটির শুরু দুর্দান্ত হবে। তবে দীর্ঘমেয়াদে একই দর্শক বারবার হলে ফিরে আসবেন—এমন সম্ভাবনা কম। এসব তথ্য স্মরণ করে তিনি বলেন, “সিনেমাটির প্রথম দিনের আয় অবশ্যই বড় হবে। তবে বিধানসভা নির্বাচনের আগে পুরো সিনেমাটি ফাঁস হয়েছিল; এ বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। অনেকেই সিনেমাটি দেখে ফেলেছেন। তারপরও উদ্বোধনী আয় দারুণ হবে। কারণ ভক্তরা বিজয়ের বিদায় উদযাপন করতে চাইবেন। প্রশ্ন হলো—সিনেমাটি কি পুনরায় দর্শক টানতে পারবে? দ্বিতীয় সপ্তাহান্তেও কি মানুষ হলে যাবেন? এখনই এসব প্রশ্নের উত্তর দেওয়া কঠিন।”
সংকট থাকলেও উদ্বোধনী দিনে শতকোটি রুপি আয়ের সম্ভবনা রয়েছে বলে মত রমেশ বালার। ব্যাখ্যা করে তিনি বলেন, “মুক্তির প্রথম দিনে সিনেমাটি বিশ্বব্যাপী ৭৫-১০০ কোটি রুপি আয় করতে পারে। কারণ ‘লিও’ সিনেমা মুক্তির প্রথম দিনে ১৫০ কোটি রুপি আয় করেছিল। কিন্তু ‘জন নায়াগান’ সেই অঙ্কে পৌঁছাবে না বলে মনে হয়। তবে ১০০ কোটি রুপির কাছাকাছি যেতে পারলে শুরুটা ভালো হবে।”
আশীর্বাদ থিয়েটার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক ও প্রখ্যাত প্রদর্শক অক্ষয় রাঠি। তিনি মনে করেন, সিনেমাটির শুরু ভালো হবে। আর ‘দি ওডিসি’ সিনেমার সঙ্গে সরাসরি প্রতিযোগিতার মুখে পড়বে না এটি। বরং প্রত্যাশার চেয়েও ভালো ফল করতে পারে।
অক্ষয় রাঠি বলেন, “জন নায়াগান’ এবং ‘দি ওডিসি’ হিন্দি ভাষাভাষী অঞ্চলের মানুষের কাছে সম্পূর্ণ বিপরীতধর্মী দুটো সিনেমা। ‘জন নায়াগান’ সিঙ্গেল-স্ক্রিনকেন্দ্রিক বাণিজ্যিক বিনোদনধর্মী সিনেমা। অন্যদিকে, ‘দি ওডিসি’ মূলত প্রিমিয়াম লার্জ-ফরম্যাট, মেট্রো শহরের দর্শক এবং ক্রিস্টোফার নোলানের সিনেমার ধাঁচের দর্শকদের লক্ষ্য করে তৈরি হয়েছে। তাই আমার মনে হয় না, দুটি সিনেমা পরস্পরের ব্যবসায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।”
খানিকটা ব্যাখ্যা করে অক্ষয় রাঠি বলেন, “থালাপাতি বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ার, তার রাজনৈতিক বড় বিজয়ের কারণে ‘জন নায়াগান’ সিনেমা ঘিরে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে। ফলে সিনেমাটির যাত্রা শুরু খুবই ভালো হতে পারে। এমনকি, আগের সেই পাইরেসি ও অনলাইন ফাঁসের ঘটনা সত্ত্বেও এটি হিন্দিভাষী বাজারে বিজয়ের অন্যতম বড় ওপেনার হয়ে উঠতে পারে। একই সঙ্গে তামিল বক্স অফিসেও উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে।”
এইচ. বিনোথ পরিচালিত ‘জন নায়াগান’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন বিজয়-পূজা। তাছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজু প্রমুখ। জানা যায়, সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৩০০ কোটি রুপি। এটি প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশন্স।
*ভ্যারাইটি ইন্ডিয়া অবলম্বনে
