ঢাকা
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৮
logo
প্রকাশিত : জুলাই ৯, ২০২৬

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার মাধ্যমে। এ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখকন্যা সুহানা খানের। বর্তমানে 'কিং' সিনেমার শুটিং চলছে জোরকদমে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘কিং’ সিনেমাটি।

প্রথমবার মেয়ে সুহানা খানকে সঙ্গী করে প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন জায়গায় শুটিং করছেন শাহরুখ খান। আগস্টে শুটিং শেষ হওয়ার পর শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ। মেয়ে সুহানা খানের বড়পর্দায় ডেবিউ সিনেমা এটি। তাই নিজের সবটা উজাড় করে দিচ্ছেন বাবা শাহরুখ খান।

জানা গেছে, গৌরী খান প্রযোজিত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমার বাজেট ৪৫০ কোটি রুপি। সিনেমার সংগীত পরিচালনায় সচিন-জিগর। অ্যাকশন দৃশ্যের শুটিং পরিচালনা করবেন আন্তর্জাতিক স্টান্ট দলের সদস্যরা।

জানা গেছে, শুরুতে যে মানের সিনেমা তৈরির পরিকল্পনা করা হয়েছিল, শেষ পর্যন্ত তার চেয়ে অনেক বড়মাপের সিনেমা তৈরি করা হচ্ছে। বলিউডে এমন অ্যাকশন দৃশ্য নাকি এর আগে কখনো দেখা যায়নি। 'কিং' সিনেমার ভিজ্যুয়াল এফেক্টস বা ভিএফএক্সের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর এ কাজের দায়িত্ব নিয়েছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেইনমেন্ট'। এ সিনেমার মাধ্যমেই সুহানা খানকে লঞ্চ করতে চলেছেন বাদশাহ। তাই কোনো খামতি রাখতে চান না তিনি।

এটি শাহরুখের ক্যারিয়ারেও সাম্প্রতিক সময়ের নিরিখে সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এর আগে 'জওয়ান' সিনেমাটি ৪০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছিল। আর 'পাঠান' সিনেমার বাজেট ছিল ৩৫০ কোটি রুপি।

সূত্রের খবর, 'কিং' সিনেমাটি বাজেটের দিক থেকে 'জওয়ান'-কেও টেক্কা দেবে। কারণ প্রায় ৪৫০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে। প্রচারের খরচ ও শাহরুখ খানের পারিশ্রমিক যদিও এই ৪৫০ কোটি রুপির মধ্যে ধরা হয়নি।

উল্লেখ্য, এর আগে ‘কিং’ নামে একটি সিনেমা তৈরির পরিকল্পনা করেছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। কবীর খানের পরিচালনায় হৃতিক রোশন ছিলেন মুখ্য চরিত্রে। পরে সেই সিনেমা আর হয়নি। তখন নাদিয়াদওয়ালা এর ‘রাইট’ বিক্রি করেন রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছে। এ সিনেমার পোস্টার মুক্তির পর থেকেই সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

বাদশাহ শাহরুখ খান, সুহানা খান ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, খরাজ মুখার্জি প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram