

এক দশকের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন ভারতীয় তারকা দম্পতি গৌরব খান্না ও আকাঙ্ক্ষা চামোলো। এখন আনুষ্ঠানিক বিচ্ছেদের দিকে আগাচ্ছেন এই তারকা যুগল। একসময় ‘উভকামী’ ছিলেন বলে জানিয়েছেন আকাঙ্ক্ষা। এসব বিষয় নিয়ে দারুণ চর্চায় রয়েছেন। এবার এই অভিনেত্রী জানালেন—আর কখনো বিয়ে করবেন না তিনি।
রিয়েলিটি শো লক আপের সর্বশেষ পর্ব সঞ্চালনা করেন ফারাহ খান ও রিতেশ দেশমুখ। সেখানে ঘনিষ্ঠ বন্ধু পামালা সেরেনার সঙ্গে খোলামেলা আলাপ করেন আকাঙ্ক্ষা। এ আলাপচারিতায় আকাঙ্ক্ষা জানান, গৌরব খান্নাকে যখন বিয়ে করেন তখন তার বয়স মাত্র ২৪ বছর ছিল। এরপর পামালা বলেন, “তুমি এখনো তরুণী, চাইলে আবার কাউকে খুঁজে পাবে।”
এ কথার জবাবে আকাঙ্ক্ষা বলেন, “না, আমি আর বিয়ে করতে চাই না। আমার মনে হয়, এই অধ্যায় এখানেই শেষ। কিন্তু জীবনে প্রথমবার আমি একা থাকব—না বাবা-মায়ের বাড়িতে, না স্বামীর বাড়িতে। আমার নিজের একটা বাড়ি হবে। জীবনের বাকি পথটা একাই চলতে চাই।”
গত সপ্তাহের রিয়েলিটি শোয়ের ‘জাজমেন্ট ডে’ পর্বে আকাঙ্ক্ষা জানান, তিনি উভকামী (বাইসেক্সুয়াল) ছিলেন। গৌরব খান্নাকে বিয়ের আগে তার কয়েকজন নারীর সঙ্গে সম্পর্ক ছিল। এ বিষয়ে জানতে চাইলে আকাঙ্ক্ষা বলেন, “বিয়ের আগে আমি বাইসেক্সুয়াল ছিলাম। কয়েকজন মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল। খুব বেশি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না, তবে কয়েকজন নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম।”
কয়েক দিন আগে রিয়েলিটি শো লক আপের দ্বিতীয় সিজনের প্রিমিয়ার পর্বে বিবাহবিচ্ছেদের খবরটি নিশ্চিত করেন আকাঙ্ক্ষা। তখন বিচ্ছেদের কারণ না জানালেও পরের পর্বে কারণ ব্যাখ্যা করেন। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরে তার সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা ও সুফি মোতিওয়ালার সঙ্গে বিষয়টি ভাগ করে নেন। এ অভিনেত্রী বলেন, “এতদিন বিষয়টি গোপন রেখেছিলাম। কারণ এটা প্রকাশ করা অত্যন্ত কষ্টের। সন্তান নেওয়া নিয়ে মতপার্থক্যই আমাদের বিচ্ছেদের প্রধান কারণ।”
কয়েক বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন গৌরব-আকাঙ্ক্ষা। ২০১৬ সালের ২৪ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। কানপুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল।
‘খতরো কে খিলাড়ি ১৫’–তে দেখা যাবে গৌরব খান্নাকে। অন্যদিকে ‘লক আপ: সাচ ইয়া সাজা’-এর প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন আকাঙ্ক্ষা।
*সিয়াসাত ডটকম অবলম্বনে
