

বলিউডের ‘মি. পারফেক্টশনিস্ট’খ্যাত নায়ক আমির খান। সিনেমার পর্দায় সবকিছু নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু ব্যক্তিগত জীবনটা তার মোটেও নিখুঁত নয়। প্রেম, বিয়ে নিয়ে অনেকবারই আলোচনায় এসেছেন এই অভিনেতা। কয়েক দিন আগে ২৫ বছরের পরিচিত বন্ধুকে বিয়ে করে এ আলোচনার আগুনে নতুন করে ঘি ঢেলেছেন।
প্রেমের ব্যাপারে আমির খান বরাবরই অধিক আবেগী। তার বয়স যখন কম, সেই সময়ে প্রেমে ব্যর্থ হয়ে মাথা ন্যাড়া করার মতো অদ্ভুত এক পাগলামি করেছিলেন। যাকে অনেকেই ভুল করে তার অভিনীত সিনেমার অংশ ধরে নেন। সিমি গারেওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান বলেন, “তরুণ বয়সে প্রেমের ব্যাপারে খুবই আবেগপ্রবণ ছিলাম। আমার সবচেয়ে আলোচিত ন্যাড়া মাথার লুকটি কোনো চলচ্চিত্রের প্রয়োজনে নয়, বরং ব্যক্তিগত জীবনের একটি ঘটনার ফল ছিল এটি।”
মূলত প্রেমে ব্যর্থ হয়ে মাথা ন্যাড়া করেছিলেন আমির খান। এ তথ্য উল্লেখ করে এই তারকা বলেন, “অনেকেই মনে করেন, সিনেমার জন্য মাথা ন্যাড়া করেছিলাম। কিন্তু আসলে তা নয়, অন্য একটি কারণে মাথা কামিয়েছিলাম। আমি যাকে ভালোবাসতাম, সেই মেয়েটিকে হারিয়ে ফেলি। একদিন মেয়েটি বলে, ‘সে আমাকে ভালোবাসে না।’ এ কথার প্রতিক্রিয়ায় মাথা ন্যাড়া করে ফেলি। এখন মনে হয়, এটা খুবই শিশুসুলভ ও অপরিণত একটি কাজ ছিল। কিন্তু তখন আমি এটাই করেছিলাম। এ ঘটনার পরে কেতন মেহতা আমাকে দেখা করতে বলেন। তার সামনে যাওয়ার পর অবাক হয়ে তিনি বলেছিলেন, ‘তোমার মাথার চুল কোথায়?”
প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও সেই নারীর সিদ্ধান্ত নিয়ে কখনো প্রশ্ন তোলেননি আমির খান। তার ভাষায়, “ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না।”
খানিকটা ব্যাখ্যা করে আমির খান বলেন, “আপনি দীর্ঘদিন একটি সম্পর্কে থাকার পর যদি জানতে পারেন—মেয়েটি আপনাকে ভালোবাসে না বা আপনার প্রতি তার অনুভূতি নেই, তাহলে আমি সেই সিদ্ধান্তকে পুরোপুরি সম্মান করি। আমি আজও তার সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।”
দীর্ঘদিন ধরে দর্শকদের ধারণা ছিল, ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমার জন্য মাথা ন্যাড়া হয়েছিলেন আমির খান। কিন্তু বাস্তবতা তা নয়। বরং প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এমন কাণ্ড ঘটিয়েছিলেন আমির।
*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে
