

বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ও সুজান খানের বিচ্ছেদের পর থেকে একটি গুঞ্জন বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছে—সুজান নাকি ৪০০ কোটি রুপি ভরণপোষণ পেয়েছিলেন। একই সঙ্গে তাকে নিয়ে ‘লোভী’ বা ‘গোল্ড ডিগার’-এর মতো মন্তব্যও ছড়ায় বিভিন্ন সময়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ খান বলেন, তাদের পরিবার অর্থের জন্য নয়, সম্পর্ক ও মূল্যবোধকে বেশি গুরুত্ব দেয়। তার দাবি অনুযায়ী, সুজান কখনো হৃত্বিকের কাছ থেকে কোনো ধরনের ভরণপোষণের টাকা নেননি।
তিনি বলেন, ৪০০ কোটি রুপি তো দূরের কথা, সুজান একটি টাকাও নেয়নি।
ফারাহ আরো জানান, এই ধরনের গুজবের কারণে দীর্ঘদিন ধরে ভুল ধারণা তৈরি হয়েছে। তার মতে, সুজানের চরিত্র নিয়ে যেসব নেতিবাচক মন্তব্য করা হয়েছে, সেগুলো একেবারেই ভিত্তিহীন। তিনি বলেন, সুজান কোনোভাবেই ‘লোভী’ নন, বরং একজন পারিবারিক মূল্যবোধসম্পন্ন মানুষ।
তিনি আরো যোগ করেন, সুজান এবং হৃত্বিকের মধ্যে এখনও পারস্পরিক সম্মান ও ভালো সম্পর্ক বজায় আছে বলেই তারা সন্তানদের বিষয়সহ পারিবারিক দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারছেন।
এদিকে ফারাহ খান হৃত্বিক রোশনকেও একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, বিচ্ছেদের পরও দুই পরিবারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।
সুজান খানের ভাই ও অভিনেতা জায়েদ খানও এই বিষয়ে কথা বলেছেন। তিনি জানান, হৃত্বিক রোশন ও সুজান খান যখন নিজেদের ভালো থাকার জন্য বিচ্ছেদের সিদ্ধান্ত নেন, তখন তাদের পরিবার সেই সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সম্মান জানিয়েছিল এবং কেউই এতে আপত্তি করেননি।
জায়েদ খান বলেন, সমাজের চাপে কোনও সিদ্ধান্ত নিতে হবে—এমনটা আমাদের পরিবার কখনও মনে করে না।
আমরা এ বিষয়ে যথেষ্ট সচেতন ও শিক্ষিত। ওদের মধ্যে এখনও ভালো সম্পর্ক রয়েছে—এই বিষয়টা অনেকেই সহজভাবে মেনে নিতে পারেন না।
