ঢাকা
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩২
logo
প্রকাশিত : জুন ২০, ২০২৬

দীপিকার সিদ্ধান্তই সঠিক ছিল: রণবীর

‘ককটেল’ সিনেমার জন্য প্রথম পছন্দ ছিলেন না সাইফ আলী খান। বরং নির্মাতারা শুরুতে রণবীর কাপুরসহ বলিউডের কয়েকজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন তথ্যই সামনে আনলেন সাইফ।

২০১২ সালে মুক্তি পাওয়া হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল’ সিনেমায় অভিনয় করেছিলেন সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। সম্প্রতি সিনেমাটির সিক্যুয়েল মুক্তির পর আবারো আলোচনায় এসেছে মূল সিনেমাটি।

ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সাইফ আলী খান বলেন, “ছবিতে দীপিকা ও ডায়ানা ছিলেন। তবে নায়ক চরিত্রের জন্য কাউকে চূড়ান্ত করতে পারছিলেন না নির্মাতারা। সম্ভবত ভেরোনিকার চরিত্রটি এতটাই শক্তিশালী ও আকর্ষণীয় ছিল যে অন্য চরিত্রগুলো অনেকটাই আড়ালে পড়ে যাচ্ছিল। আমার মনে আছে, এ চরিত্রের জন্য ইমরান খান, রণবীর কাপুরসহ আরো কয়েকজন অভিনেতার সঙ্গে কথা বলা হয়েছিল। পরে আমি রাজি হয়ে যাই।”

হাসতে হাসতে সাইফ আরো বলেন, “আমার মনে হয়, ছবিটি করার জন্য তাদের আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কারণ কাজটি করতে আমি ভীষণ মজা পেয়েছিলাম। হোমি আদাজানিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতাও ছিল দারুণ।”

তবে ‘ককটেল’ নিয়ে রণবীর কাপুরের মতামতও একসময় আলোচনায় এসেছিল। ‘তামাশা’ সিনেমার প্রচারণার সময় এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন বলেছিলেন, “আমি যখন ‘ককটেল’-এর শুটিংয়ের জন্য লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন রণবীর মনে করত এটি আমার জন্য ঠিক সিনেমা নয়।”

পরে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন রণবীর। তিনি বলেন, “তখন আমি ‘ককটেল’-এর গল্প জানতাম না। শুধু জানতাম, এর চিত্রনাট্য লিখেছেন ইমতিয়াজ আলি। সে সময় দীপিকার হাতে অনেক ভালো সিনেমার প্রস্তাব ছিল। কিন্তু সে ‘ককটেল’ বেছে নিয়েছিল। সিনেমাটিতে সে এমন কিছু দেখেছিল, যা আমি দেখতে পাইনি। তাই আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি এই সিনেমাটি কেন করছ? তোমার সঙ্গে কাজ করার জন্য তো আরো অনেক নামী পরিচালক অপেক্ষা করছেন।”

তবে পরে নিজের মূল্যায়ন ভুল ছিল বলেও স্বীকার করেন রণবীর। তার ভাষায়, “ওর সিদ্ধান্ত এবং অনুভূতিই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছিল।”

একপর্যায়ে দীপিকা রণবীরকে প্রশ্ন করেন, “সিনেমাটি মুক্তির পর কি তোমার মত বদলেছিল?” জবাবে রণবীর বলেন, “সত্যি বলতে, আমি ‘ককটেল’ সিনেমাটির খুব বড় ভক্ত নই। তবে এই সিনেমায় দীপিকা যে অভিনয় করেছে, তার আমি বড় ভক্ত।”

মুক্তির পর ‘ককটেল’ দীপিকা পাড়ুকোনের ক্যারিয়ারে বড় মোড় ঘুরিয়ে দেয়। বিশেষ করে ভেরোনিকা চরিত্রে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়। অনেকের মতে, এই সিনেমাই দীপিকাকে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

*দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram