ঢাকা
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৭
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৬

রাম চরণের ‘পেদ্দি’ সিনেমার প্রচারে নেই কেন জাহ্নবী?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। তাকে নিয়ে বুচি বাবু সানা নির্মাণ করছেন ‘পেদ্দি’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর।

আগামী ১৮ মে, সিনেমাটির ট্রেইলার মুক্তি পাবে। আগামী ৪ জুন, প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। এরই মধ্যে প্রচারেও নেমেছেন সংশ্লিষ্টরা। তবে জাহ্নবী কাপুরকে কোথাও দেখা যায়নি; ফলে তার অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন, অন্তর্জালে চলছে নানারকম চর্চা।

ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানিয়েছে, জাহ্নবী কাপুর সম্ভবত সিনেমাটির প্রচারে অংশ নেবেন না। ধারণা করা হচ্ছে, সিনেমাটিতে তার চরিত্র তুলনামূলকভাবে ছোট। জানা গেছে, সিনেমাটির প্রচারে যোগ দেবেন কি দেবেন না—সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা জাহ্নবীকে আগেই দেওয়া হয়েছে।

অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী জাহ্নবী কাপুর নিজেই প্রচার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তিনি চান না, তার চরিত্র নিয়ে দর্শকরা বড় কিছু আশা করুক। তবে এ বিষয়ে জাহ্নবী কাপুর বা নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

আরো কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, একটি কারণে ‘পেদ্দি’ সিনেমায় অভিনয় করতে রাজি হয়েছেন জাহ্নবী কাপুর। কারণটি হলো—হিন্দি সিনেমার পারিশ্রমিকের চেয়ে বেশি অর্থ জাহ্নবীকে দেওয়া হয়েছে।

‘পেদ্দি’ সিনেমায় ‘আচিয়াম্মা’ চরিত্রে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। ইতোমধ্যে নির্মাতারা গানগুলোর মাধ্যমে তার লুক প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে আবেগঘন ‘চিকিরি চিকিরি’ এবং প্রাণবন্ত নাচের গান ‘রাই রাই রা রা’।

জাহ্নবী কাপুরের ‘আচিয়াম্মা’ চরিত্রটি রূপায়নের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল তার বোন খুশি কাপুরকে। কিছু দিন আগে সিনেমাটির পরিচালক বুচি বাবু সানা বলেন, “প্রথমে ‘আচিয়াম্মা’ চরিত্রের জন্য খুশি কাপুরকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু পরে মনে হয়েছে, চরিত্রটির জন্য খুশির বয়স কম।”

বিষয়টি ব্যাখ্যা করে বুচি বাবু সানা বলেন, “আমি প্রথমে খুশি কাপুরকে গল্পটি শুনিয়েছিলাম। কিন্তু খুশিকে সামনাসামনি দেখার পর বুঝলাম, চরিত্রটির জন্য সে খুবই ছোট। এখন ভাবুন, একই বাড়িতে খুশিকে বাদ দিয়ে জাহ্নবীকে গল্প শোনাতে হবে। আমার খারাপ লাগছিল, তাই জাহ্নবীকে জিজ্ঞেস করেছিলাম, ‘এতে করে খুশি কষ্ট পেয়েছে কি না।”

আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘পেদ্দি’ সিনেমার কাহিনি। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষদের একত্রিত করেন তিনি। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর।

তাছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু শর্মা প্রমুখ। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ. আর. রহমান। ২৫০-৩০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে ‘পেদ্দি’ সিনেমা।

*টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram