

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য দফতরে ‘মুলা’ উপহার দিয়ে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীদের একাংশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপাচার্যের একান্ত সচিব ড.এ. এফ. এম. রহমান উদ্দিনের কাছে শীতকালীন এই সবজিটি উপহার দেন ইসলামী ছাত্র আন্দোলন ববি শাখার সভাপতি হাসিবুল হোসেন, সহ-সভাপতি আবু সালেহ মুহাম্মাদ হাসিবুল্লাহ ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহসহ অনেক শিক্ষার্থীরা।
জানা যায়, ‘শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় নানা সংকটে জর্জরিত তার মধ্যে অন্যতম হচ্ছে অবকাঠামো সংকট, আবাসন সংকট ও খেলার মাঠের সংকট। এসকল সংকট নিরসন জন্য প্রশাসন শুধু আশ্বস্ত করেই যাচ্ছে। দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় তারা এই ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নেন।
ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল হোসেন বলেন, ‘ক্যাম্পাসের আয়তন বাড়ানো, অবকাঠামোগত উন্নয়ন, ছাত্র সংসদ নির্বাচন, খেলার মাঠ সংস্কারসহ নানা কারণে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলো।
আর সেই আন্দোলনকে শুধু কাগজে কলমে সীমাবদ্ধ রেখেছেন এই উপাচার্য।’ তিনি আরো বলেন, ‘মুলা’ ঝুলানো আশ্বাস ‘মুলা’ উপহার দিয়েই প্রতিবাদ জানানো হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক দর্শন বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন উন্নয়নের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে মশকরা করে আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার শিক্ষার্থীদের প্রতিবাদের ভাষা বুঝবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

